চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জ্বালানি, ওষুধ ও শিল্পখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বার।
মঙ্গলবার দুপুরে চেম্বার নেতাদের সঙ্গে এক মতবিনিয়ম সভায় এ আগ্রহের কথা জানান ওয়েলস-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান দিলাবর এ হোসাইন।
চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওয়েলস চেম্বারের বাংলাদেশ সফররত অন্য ১৯ সদস্য এবং চট্টগ্রাম চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য সব দ্বার উন্মুক্ত করার আহবান জানিয়ে দিলাবর বলেন, অবকাঠামো উন্নয়ন, বন্দর, বিদ্যুৎ ও গ্যাস এবং ওষুধ শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ওয়েলস চেম্বার। বিনিয়োগ করার মানসিকতা নিয়েই প্রতিনিধিদের নিয়ে এদেশে এসেছি।
ওয়েলস-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান দিলাবর এ হোসাইন এর নেতৃত্বে ২০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসে।
সিসিসিআই'র পক্ষ থেকে বিদেশি বিনিয়োগের জন্য বন্দর নগরী চট্টগ্রামকে বেছে নেওয়ার আহ্বান জানান মাহবুবুল আলম।
দক্ষিণ এশিয়ার মধ্যে চট্টগ্রামকে বিনিয়োগের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে তুলে ধরে তিনি জানান, কোরিয়া, চায়না, থাইল্যান্ড, শ্রীলংকাসহ বিশ্বের অনেক দেশ এখানে বিনিয়োগ করেছে।
চট্টগ্রামের ভালোমানের কার্ডিয়াক হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের অভাব থাকার কথা জানিয়ে এ খাতে বিনিয়োগ করারও আহ্বান জানান মাহবুব।
সভায় অন্যদের মধ্যে প্রতিনিধি দলের নেতা ও ওয়েলস-বাংলাদেশ চেম্বারের সাধারণ সম্পাদক মাহবুব নূর, সহসভাপতি আনা মিয়া, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ হোসেন। সিসিসিআই'র পক্ষ থেকে পরিচালক ক্যাপ্টেন শফি, এমদাদুল হক চৌধুরী, মাহফুজুর রহমান শাহ, মোহাম্মদ আশিক বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২০১২ ঘ.
bdnews24