কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ায় ট্রাকের ভাড়াও বাড়ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, এখন প্রতি ট্রাক পণ্য পরিবহনে আগের তুলনায় এক থেকে তিন হাজার টাকা বেশি ভাড়া গুণতে হচ্ছে। আর এই অতিরিক্ত অর্থ শেষ পর্যন্ত ক্রেতার কাছ থেকেই আদায় করতে হবে।
পুরান ঢাকার পাইকারি আড়ত মৌলভীবাজারের রশিদ অ্যান্ড সন্সের মালিক হাজি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে আগে এক ট্রাক মাল আনতে ১৭ হাজার টাকা লাগতো। কিন্তু জ্বালানির দাম বাড়ায় রোববার থেকে লাগছে ২০ হাজার টাকা।
তিনি বলেন, "এই অতিরিক্ত টাকা আমি অবশ্যই আমার ক্রয় খরচের সঙ্গে যোগ করবো। ফলে আটা ও ময়দার দাম কেজি প্রতি এক টাকা বেড়ে যাবে।"
বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাসেম জানান, মেঘনা ঘাট থেকে এক ট্রাক মাল আনতে আটশ' থেকে এক হাজার টাকা বেশি টাকা গুণতে হচ্ছে তাদের।
মসলা ব্যবসায়ী জাহান সামস টুলু বলেন, মসলার দাম এখন বাড়েনি তবে ট্রাক ভাড়া বাড়লে অবশ্যই এ প্রভাব মালের উপর কিছুটা হলেও পড়বে।
রংপুরের পাইকারি চাল ব্যবসায়ী মো. নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে এক ট্রাক চাল ঢাকা নিতে ১৪ হাজার দুইশ ৫০টাকা ভাড়া দিতে হতো। কিন্তু এখন এক হাজার টাকা বেশি দিতে হচ্ছে।
সরকার রোববার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর পরদিন সোমবার সিএনজির ২০ শতাংশ বাড়ানোর এক আদেশ জারি করে বিইআরসি।
জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর ফলে গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে সরকার। বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা এবং অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/এএল/১৮৫৯ ঘ.
bdnews24