ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সেদেশের বাজারে আরো ৫৪টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি করেছেন ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সভাপতি একে আজাদ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "শুধু তৈরি পোশাক নয়, এখন আমাদের দেশ থেকে কৃষি ও নির্মাণ সামগ্রীসহ অনেক পণ্য ভারতে নিয়মিত রপ্তানি হচ্ছে।
"তাই দুদেশের বাণিজ্য সম্পর্ক আরো গতিশীল করতে ভারত সরকারের প্রতি আহ্বান, অন্তত ১০০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হোক।"
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সগঠন বিজিএমইএ'র ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গত ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার ঢাকা সফরের সময় ভারতে বাজারে বাংলাদেশের ৪৬টি গার্মেন্ট পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ঘোষণা দেন।
বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশিদের বিশেষ অতিরিক্ত শুল্ক ফেরত দেওয়ার দাবি জানান।
তিনি বলেন, ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশ থেকে বিশেষ অতিরিক্ত শুল্ক ফেরত পেলেও বাংলাদেশের রপ্তানিকারকরা এই সুবিধা পান না।
গত ২০০৯-১০ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো দুইশ' ৯০ কোটি ডলার। সে বছর ভারত থেকে বাংলাদেশ তিনশ' ২০ কোটি ডলারের পণ্য আমদানি করে। আর সেখানে মাত্র ৩০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিলো।
ব্যবসায়ীরা মনে করছেন, ভারতের বাজারে ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা ভারত ও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২২৩৭ ঘ.
bdnews24