চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের (আইএমএফ) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের ডেপুটি চিফ ডেভিড কোয়েনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএসই কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ও বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সিএসই সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ জানান।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে অবকাঠামো উন্নয়ন নিয়েও আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রতিনিধি দলের প্রধান ডেভিড কোয়েন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বেসরকারি খাতে কীভাবে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
প্রতিনিধি দলের অন্য পাঁচ সদস্য হলেন- আইএমএফের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জেরার্ড জে অ্যালমেকিন্ডারস, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সেং গুয়ান তো, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জুলস লেইকটার, আবাসিক প্রতিনিধি ইতেরি ভিনত্রাদজ ও অর্থনীতিবিদ আবুল কাশেম।
বৈঠকে সিএসইর সহ-সভাপতি তারেক কামাল, পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, এমকেএম মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, আবু সৈয়দ মো.শাহিদুল্লাহ, নাছির উদ্দিন আহম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৯৩৯ ঘ.
bdnews24