২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চিনি বিক্রেতাকে ১৫ দিন কারাদণ্ড

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে চিনি বিক্রির অভিযোগে চাঁদপুরে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চাঁদপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে চিনি বিক্রির অভিযোগে চাঁদপুরে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর শাহীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত দামে চিনি বিক্রির অভিযোগে বুধবার বিকালে সদর উপজেলার বাবুরহাট বাজারের মেসার্স পাল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সুভাষ চন্দ্র পালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, বুধবার বফু গাজী নামের এক ব্যক্তি ওই দোকানে চিনি কিনতে গেলে এক কেজি চিনির দাম ৭০ টাকা চাওয়া হয়। এ নিয়ে দোকানির সঙ্গে তার কাটাকাটি হয়। বফু গাজীর অভিযোগের ভিত্তিতে বাবুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তখন পাল ট্রেডার্সে গিয়ে বফুর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভোক্তা আইনে তাকে এ সাজা দেওয়া হয়। এ সময় ওই দোকান থেকে ৮ বস্তা চিনি জব্দ করা হয় বলেও জানান ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০০০ ঘ.