ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মেয়াদোত্তীর্ণ চারটি প্রকল্প নিয়ে একটি ফাউন্ডেশন করার উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আদলে এটি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে তিনি একথা জানান।
বিসিকের শেষ হওয়া প্রকল্প চারটি হলো-মহিলা ও শিল্পোদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান কর্মসূচি, আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্প ও গ্রামীণ শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতি তেজীকরণ প্রকল্প।
ক্ষুদ্র্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিসিক পরিচালিত এ প্রকল্পগুলোর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
এ প্রকল্পেরগুলোর জন্য একটি আইন করে নতুন প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব মন্ত্রিসভা কমিটি অনুমোদন না করায় কোম্পানি আইনের অধীনে একটি ফাউন্ডেশন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকল্পগুলোর মোট ৭৭ কোটি টাকা এখনো রয়েছে। এর মধ্যে কিছু ব্যাংকে ও কিছু বিতরণ করা হয়েছে।
বিসিক এ ফাউন্ডেশনের জন্য আরো ৬০ কোটি টাকা চাইলেও এখন ২৩ কোটি টাকা দেওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
ওই চারটি প্রকল্পে ৫১১ জন কাজ করছেন। ফাউন্ডেশন হলে তাদের চাকরি এতে ন্যস্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএম/এমআই/১৫১০ ঘ.
bdnews24