চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, লোকসানের কথা বলে প্রায় ৪৫ হাজার প্রাইভেট লিমিটেড কোম্পানি কর দেয় না। এই সংখ্যা দেশের মোট প্রাইভেট লিমিটেড কোম্পানির ৮০ শতাংশ।
শুক্রবার বিকালে চট্টগ্রামের একটি হোটেলে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম আয়োজিত 'জাতীয় মূসক দিবস- ২০১১ ও জাতীয় মূসক সপ্তাহ' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, "সারাদেশে ৫৫ হাজার প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। কিন্তু আমরা মাত্র ১০ হাজার কোম্পানির কাছ থেকে ট্যাক্স পাই। সবাই লোকসান দেখায়।"
"আইনের বাধ্যবাধকতা থাকলেও কর আদায়ে আমরা শক্তি প্রয়োগ করি না।"
নাসিরউদ্দিন আহমেদ জানান, আয়কর দাতাদের মধ্যে ৯০ থেকে ৯৫ শতাংশ অনুমান নির্ভর পদ্ধতিতে (প্রিজামপটিভ) রিটার্ন জমা দেন। এর মধ্যে মাত্র ২ শতাংশ অডিট করা হয়।
মূসক (মুল্য সংযোজন কর) বাংলাদেশের রাজস্ব আদায়ের প্রধান খাত জানিয়ে তিনি বলেন, এ খাতে আরো বেশি রাজস্ব আদায় সম্ভব। মূসক আদায় বাড়ানোর জন্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।
মূসক আদায়ে গত তিন বছর লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় চট্টগ্রাম কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটকে অভিনন্দন জানান তিনি।
সরকার চলতি অর্থবছরে মূল্য সংযোজন কর বাবদ ৩৪ হাজার ৩০৪ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত মোট করের ৩৭ শতাংশ।
কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম অঞ্চলের কমিশনার মো. ফিরোজ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে এনবিআর সদস্য (মূসক) মো. আবদুল মান্নান পাটোয়ারী, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত কমিশনার ইসমাইল হোসেন সিরাজী ও যুগ্ম কমিশনার (মূসক) এ কে এম মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, সাবেক সভাপতি আলী আহম্মদ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল হায়াত, চট্টগ্রাম মেটোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী।
এর আগে সকালে নগরীর আগ্রাবাদে সিজিও (সেন্ট্রাল গর্ভমেন্ট অফিস) ভবন-১ এ দেশের প্রথম কর তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের ৪০ বছরের ইতিহাসে এই প্রথম চট্টগ্রামে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু হচ্ছে।
এই সেবা কেন্দ্রের পাঁচটি কাউন্টার থেকে নতুন আয়কর দাতারা টিআইএন, বিদ্যমান করদাতার তথ্য ও সনদপত্র গ্রহণ এবং আয়কর সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এনবিআর সদস্য সৈয়দ আমিনুল ইসলাম এবং করদাতাদের মধ্যে এ কে খান গ্র"পের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন খান ও জেমস ফিনলের প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের জানান, আগামী অগাস্টের শেষ নাগাদ চট্টগ্রাম কাস্টমসের আমদানি ও রপ্তানি শাখা একসঙ্গে কাজ শুরু করবে।
"চলতি জুলাই মাসে এ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কিছু আনুষ্ঠানিকতার কারণে দেরি হচ্ছে। অগাস্টে চট্টগ্রামে পুর্ণাঙ্গ বণ্ড কমিশনারেট কাজ শুরু করবে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/জেকে/২২০৫ ঘ.
bdnews24