২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোকে সুদের হার যথাযথভাবে নির্ধারণের নির্দেশ

ঋণের সুদের হার যথাযথভাবে নির্ধারণ ও প্রদর্শনের জন্য দেশের সব তফসিলী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণের সুদের হার যথাযথভাবে নির্ধারণ ও প্রদর্শনের জন্য দেশের সব তফসিলী ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ঋণের উপর সুদের হার নির্ধারণ ও প্রদর্শন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও ব্যাংকগুলো সঠিকভাবে ঋণের সুদ হার ঘোষণা করছে না। তাই সুদের হার বিবরণীতে অভিন্নতা বজায় রাখা ও বিভ্রান্তি এড়াতে এ নির্দেশনা জারি করা হলো। নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে সুদ হার ঘোষণার সময় সংশ্লিষ্ট খাতে সুদ পরিসীমার (যদি থাকে) মধ্যবর্তী হার ঘোষণা করতে হবে। তবে তুলনামূলক ঝুঁকি বিবেচনায় গ্রাহকভেদে ঘোষিত হার অপেক্ষা ১ দশমিক ৫ শতাংশ কম বা বেশি হারে ঋণ দিতে পারবে। ব্যাংকগুলোকে আমানত ও ঋণের সুদ হার বিবরণী সংশ্লিষ্ট মাসের ৭ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে এবং পরবর্তীতে সুদ হারের কোনো পরিবর্তন হলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। রপ্তানি খাত বা অন্য যেসব খাতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ সুদ হার নির্ধারণ করে দিয়েছে কিংবা ভবিষ্যতে নির্ধারণ করে দেওয়া হবে সেসব ক্ষেত্রে ব্যাংককে নিজস্ব নিধারিত সর্বোচ্চ সুদ হার প্রদর্শন করতে হবে। গ্রাহকের সুবিধার্থে সুদ হার সংক্রান্ত তথ্য ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার দর্শনীয় স্থানে প্রদর্শনেরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/এএল/এইচএ/০০১২ ঘ.