২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দাবি

সরকারি ট্রেজারি বন্ডের পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ট্রেজারি বন্ডের পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিকে আগামী অর্থবছরের প্রস্তাবিত ঘাটতি বাজেটের অর্থায়নের জন্য সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের মত তুলে ধরে শনিবার সংবাদ সম্মেলন করে ডিএসই ও সিএসই। আগামী অর্থবছরে সরকারি বন্ডে ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বিষয়ে ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, "সরকারি ট্রেজারি বন্ডে অপ্রদর্শিত আয় বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছে, তা পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দিতে হবে।" পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক এবং বিনিয়োগকারীদের শেয়ার মুনাফার ওপর কর আরোপ করা হবে না বলে বাজেট বক্তৃতায় বলেছেন অর্থমন্ত্রী। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন নিষ্পত্তির জন্য আলাদা ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা, ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন প্রণয়ন এবং বুক বিল্ডিং পদ্ধতির আধুনিকায়নেরও প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রতীক। বিনিয়োগকারীদের বিপক্ষে যায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুঁজিবাজারে তারল্য সঙ্কট দূর করার আহ্বান জানিয়ে ফখর উদ্দিন বলেন, বাজারে পর্যাপ্ত শেয়ারের ঘাটতি রয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে সরকারি শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে কোনো দিক-নির্দেশনা নেই। "সরকার বাজেট ঘাটতির অর্থায়নের জন্য সরকারি শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে। এতে ব্যাংকগুলোর ওপর চাপ কম পড়বে," বলেন তিনি। ডিএসই সভাপতি শাকিল রিজভীও সরকারি প্রতিষ্ঠানের শেয়ার দ্রুত বাজারে ছাড়ার পরামর্শ দেন। তবে দুই স্টক এক্সচেঞ্জের সভাপতিই সদস্যদের কমিশনের ওপর উৎসে আয়কর বাড়ানোর বিরোধিতা করে এ প্রস্তাব প্রত্যাহারের দাবি করেছেন। স্টক এক্সচেঞ্জের সদস্যদের পাওয়া কমিশনের ওপর উৎসে আয়করের হার দশমিক ০৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। উৎসে কর হার বাড়ানোর বিষয়ে শাকিল রিজভী বলেন, "এতে বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন কার্যক্রম ব্যয়বহুল হবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।" পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সন্তোষ করে তিনি বলেন, এগুলো বাস্তবায়ন করা হলে বাজেটকে পূর্ণাঙ্গ পুঁজিবাজারবান্ধব বলা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭০০ ঘ.