২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোট খেলাপি ঋণের ছয় ভাগের একভাগ আদায়

চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত মোট খেলাপি ঋণের ছয় ভাগের এক ভাগ আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের মার্চ মাস পর্যন্ত মোট খেলাপি ঋণের ছয় ভাগের এক ভাগ আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদে নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৩ হাজার ৩০৬ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে মাত্র ৪ হাজার ১৬৫ কোটি টাকা আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ৪৭টি ব্যাংক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানান অর্থমন্ত্রী। এইচএম গোলাম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে কর্মসংস্থান ব্যাংকের দুশ চারটি শাখা রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলায় ৬৪টি এবং একশ ৪০টি উপজেলায় এ ব্যাংকের শাখা রয়েছে। অপু উকিলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১ ও ২ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রার কোনো ঘাটতি নেই। এ বছরের ১৯ মে পর্যন্ত বাজারে ১ ও ২ টাকার কাগুজে ও ধাতব মুদ্রা রয়েছে যথাক্রমে ৫৬ কোটি ৯৬ লাখ এবং একশ ১০ কোটি ৮৫ লাখ। তিনি জানান, আগামী ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরের জন্য একশ কোটি পিস ১ টাকা এবং একশ কোটি পিস ২ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মুহিত জানান, দেশে সক্রিয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সুদের হার ২৫-৩৩%। তিনি আরো জানান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠার পর ক্ষুুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সুদের হার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গিয়াস উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের প্রায় ২৬ দশমিক ২ শতাংশ নাগরিক মাইক্রোক্রেডিট সুবিধা পাচ্ছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে আনুমানিক তিন দশমিক সাত শতাংশ এবং এনজিওদের পক্ষ থেকে ২২ দশকি পাঁচ শতাংশ মানুষ এ সুবিধা ভোগ করছে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১০ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের লোয়ার হেড কাউন্ট অনুসারে ৩২ দশমিক দু শতাংশ এবং আপার হেড কাউন্ট অনুসারে ৪০ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২৮ ঘ.