চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে একটি অয়েল ট্যাংকার ডুবে তা থেকে তেল ছড়িয়ে পড়ছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ডলফিন জেটিতে তেল নেওয়ার সময় ও টি মুন নামে ওই ট্যাংকারটি ডুবে যায় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
জাহাজটিতে ১৮০ টন তেল ছিলো। ও টি মুন বন্দরে বহির্নোঙরে বড় জাহাজগুলোতে জ্বালানি তেল (ফুয়েল অয়েল-এফও) সরবরাহ করতো।
ডুবে যাওয়া ট্যাংকারটি এম সিরাজউদ্দিনের মালিকানাধীন ইস্টার্ন বাংকার সার্ভিসেসের।
সিরাজউদ্দিন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্যাংকারটি ডুবে গেলেও এর ক্যাপ শক্তভাবে বন্ধ থাকায় তেল ছড়িয়ে পড়ছে না।
তবে পরে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি বন্দর কর্তৃপক্ষের নজরে আসে।
বন্দর সচিব ফরহাদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্যাংকারটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ কাণ্ডারী-১০ ঘটনাস্থলে গেছে।
তেলবর্জ্য অপসারণকারী দুটি জাহাজ বে ক্লিনার-১ ও ২ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেটিতে বাঁধা অবস্থায়ই তেল নেওয়ার সময় ডুবে যায় ও টি মুন।
তবে এর নয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।
কী কারণে ট্যাংকারটি ডুবলো, তা জানাতে পারেননি বন্দর কর্মকর্তা। তবে তিনি বলেন, এর ফলে বন্দরে জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১৫৫ ঘ.
bdnews24