ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপি। প্রতিবেদনের সূত্র ধরে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার সামাল দিতে 'ব্যর্থতা'র জন্য অর্থমন্ত্রী ও গভর্নরের অপসারণ দাবি করেছে তারা।
পুঁজিবাজার তদন্ত নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "তদন্ত প্রতিবেদনটি প্রশ্নবিদ্ধ ও হতাশাব্যঞ্জক। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ৩৩ লাখ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর কাছেও তা গ্রহণযোগ্যতা পাবে না।"
পুঁজিবাজারে অস্থিরতার কারণ খুঁজে বের করতে সরকার গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন দেয়। সরকার এটি প্রকাশ না করলেও তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিএনপি আগামীতে সরকার গঠন করলে পুঁজিবাজার বিপর্যয়ের বিষয়টি নিবিড় তদন্ত করে দোষীদের শাস্তি দেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কারসাজিতে বিএনপির কেউ জড়িত থাকলে তারাও ছাড় পাবে না বলে ঘোষণা দেওয়া হয়।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি তুলে ধরে বিএনপি।
এগুলো হলো- প্রতিবেদনটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও গভর্নর আতিয়ার রহমানের অপসারণ, শেয়ার বাজারের চিহ্নিত লুটেরাদের অবিলম্বে বিচারের আওতায় আনা, কেলেঙ্কারির সঙ্গে জড়িত সরকারি দলের মন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদত্যাগ ও বরখাস্ত করা।
আমীর খসরু বলেন, "তদন্ত কমিটি গঠনের সময়ে আমরা এর নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলাম। আজ আমাদের সেই শঙ্কা সত্য প্রমাণ হয়েছে। সরকারি দলের লুণ্ঠনকারীরা প্রভাব খাটিয়ে ৩৩ লাখ বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করেছে।"
সরকারের তদন্ত কমিটি গঠন 'লোক দেখানো' বলে মন্তব্য করেন তিনি।
কমিটির প্রতিবেদনে বড় বড় রাঘব বোয়ালদের শাস্তির আওতামুক্ত রাখার অপপ্রয়াস করা হয়েছে বলে অভিযোগ করেন খসরু।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির অদক্ষতাকেই বাজারে অস্থিরতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে।
এ বিষয়ে খসরু বলেন, "প্রতিবেদনে পুঁজিবাজারের ওই কেলেঙ্কারির সঙ্গে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নীতিনির্ধারকদের ব্যর্থতা অথবা জড়িত থাকার বিষয়ে কোনো বক্তব্য নেই। সব কিছু নিয়ন্ত্রণ সংস্থা এসইসির ওপর চাপানো হয়েছে।"
কারসাজি করে পুঁজিবাজার থেকে ৮৪ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করে এলেও ইব্রাহিম খালেদ বলেছেন, এ টাকার পরিমাণ ৫ হাজার কোটি টাকা হতে পারে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ওসমান ফারুক বলেন, "যাদের নাম এসেছে, তার কেন জিজ্ঞাসাবাদ করা যাবে না। পুঁজিবাজারের আলোচিত ওই ১২ জন খলনায়কের ব্যাংক হিসাব জব্দ করা প্রয়োজন।"
বিভিন্ন সংবাদপত্রে আসা নামগুলোর মধ্যে বিএনপিরও কয়েকজনের থাকার বিষয়টি তুলে ধরা হলে আমীর খসরু বলেন, "প্রতিবেদনে বিএনপির ২/১ জনের নাম এনে পুরো বিষয়টাকে ডায়োলেটেড (ধোঁয়াচ্ছন্ন) করা হয়েছে। আমরা মনে করি, বিএনপির কেউ এই কেলেঙ্কারির সঙ্গে থাকলে অবশ্যই শাস্তি পাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪২০ ঘ.
bdnews24