২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি রোধে আরো সাহায্য চায় সরকার

আমদানি ব্যয় মিটিয়ে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি রোধে আরো বিদেশি সহায়তা চেয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি ব্যয় মিটিয়ে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি রোধে আরো বিদেশি সহায়তা চেয়েছে সরকার। রোববার পরিকল্পনা কমিশনে ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা বিষয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি রোধে আমদানি ব্যয় মেটানোসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগীদের কাছে আরো ঋণ সহায়তার আহ্বান জানিয়েছি। পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান ও বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন। ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক তিন এবং ২০১৪-১৫ সালে মূল্যস্ফীতি ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ। এ পরিকল্পনায় ছয়টি বিষয়কে প্রাধান্য দিতে সরকারের কাছে সুপারিশ করেছে উন্নয়ন সহযোগীরা। তারা অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর পাশাপাশি সরকারি বিনিয়োগের হার ও মান বাড়ানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন। এর বাইরে বেসরকারি বিনিয়োগ মোট অভ্যন্তরীণ উৎপাদনের চার শতাংশে নিয়ে যাওয়া এবং জলবায়ু, আঞ্চলিক বাণিজ্যের প্রচার এবং দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগের সুপারিশ করেছে উন্নয়ন সহযোগীরা। আঞ্চলিক অসমতা দূর করতে এবং উন্নয়নের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একটি কর্মকৌশল গ্রহণেরও সুপারিশ করেছে দাতারা। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতে আরো বেশি দৃষ্টি দেওয়ার সুপারিশ এসেছে। জুন মাসের মধ্যে এই পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও ২০১০-১১ অর্থবছর থেকেই এটি কার্যকর ধরা হবে। পরিকল্পনার আওতায় বিনিয়োগ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ দশমিক ২ ট্রিলিয়ন টাকা, বিদেশি উৎস থেকে আসবে এর সাত দশমিক দুশতাংশ। বৈঠক প্রসঙ্গে শামসুল আলম বলেন, দাতাদের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। সরকারের অবস্থান পরিষ্কার করার জন্য আমরা তাদের সঙ্গে বসেছি। ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে ৯০ লাখ ২০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (এসএমই) ও শিল্প খাতকেও পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। "খাদ্য নিরাপত্তার জন্য কৃষি খাত গুরুত্বপূর্ণ এবং এজন্য ভূমি ব্যবস্থাপনার বিষয়ে বিশেষ মনযোগ দিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৭৫৭ ঘ.