২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওঠানামার বাজারে বেড়েছে সূচক-লেনদেন

ওঠানামার মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে রোববার লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি উঠেছে সূচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 05:31 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওঠানামার মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারে রোববার লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি উঠেছে সূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১০৪টির এবং বাকি দুটির দাম ছিলো অপরিবর্তিত। হাত বদল হয়েছে মোট ৮ কোটি ১৬ লাখ ৪৭৭টি শেয়ার, যার বাজার মূল্য এক হাজার ২৮৯ কোটি ৮০ লাখ টাকা। সাধারণ সূচক (ডিজিইএন) ৮৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৬৫৪০ দশমিক ৬০ পয়েন্ট। এর আগে লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে সাধারণ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপরই সূচক কমতে থাকে। তবে পরে আবারো ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন দাখিলের পর রোববারই প্রথম লেনদেন হয়। কমিটি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এসইসিকে দায়ী করে প্রতিষ্ঠানটি সংস্কারের সুপারিশ করেছে। কারসাজিতে জড়িত কয়েক জনের নাম প্রতিবেদনে উল্লেখ করার কথা তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ জানালেও অর্থমন্ত্রী এখনি তা প্রকাশ না করার পক্ষে অবস্থান নিয়েছেন। গত বছরের শেষ দিকে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে চার সদস্যের এ কমিটি গঠন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫২৭ ঘ.