২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ৩ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার মঙ্গলবার সাংবাদিকদের জানান, প্রকল্পগুলোতে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৪০ কোটি টাকা। প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দেবে দুই হাজার ৪৫৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ৪৮৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পরিকল্পনামন্ত্রী। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের 'খুলনা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প'। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ প্রকল্পটিতে বাংলাদেশ সরকার দেবে এক হাজার ৫৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ৪৮৭ কোটি টাকা। প্রকল্পটির বাস্তবায়ন সময় ধরা হয়েছে ২০০৬ সালের জুলাই থেকে ২০১৩ সালের মার্চ। এ কে খন্দকার বলেন, ২০০৬ সালে প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও তখন কাজ শুরু হয়নি। মূলত ২০০৯ সাল থেকে প্রকল্পটির কাজ শুরু হয়। ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। নির্দিষ্ট সময়েই প্রকল্পের কাজ শেষ হবে। একনেকে অনুমোদন হওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৭৭ কোটি টাকা ব্যয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 'ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প', ৩৪ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'কনস্ট্রাকশন অব মাল্টিস্টোরেড উইমেন হোস্টেল এন্ড একাডেমিক কমপ্লেক্স ফর ঢাকা মহানগর মহিলা কলেজ (১ম সংশোধিত)'। ৫৬ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 'ঢাকায় ইএনটি জাতীয় ইন্সটিটিউট স্থাপন (সংশোধীত-প্রথম পর্যায়) প্রকল্প', ২৯ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'সৌর শক্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের ১৬৫টি বিওপি (সীমান্ত চৌকি) বিদ্যুতায়ন প্রকল্প।' ৫৭ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'টেকেরহাট (হাইওয়ে পয়েন্ট)-দত্তপাড়া সূর্র্যনগর (হাইওয়ে পয়েন্ট) সড়ক উন্নয়ন প্রকল্প,' ৫১ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া সড়ক নির্মাণ প্রকল্প', ১৬৯ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের 'কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক-২য় পর্যায় (ইনানী থেকে সিলখালী পর্যন্ত-সংশোধিত) প্রকল্প'। ৫০৬ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'ডিসিসি'র আওতাধীন রায়ের বাজার জাতীয় শহীদ স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্প', ১৫২ কোটি টাকা ব্যয়ে কৃষি মন্ত্রণালয়ের 'পাবনা-নাটোর-সিরাজগঞ্জ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়)' এবং ২৬৭ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের 'ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮৪৭ ঘ.