আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দুটি ব্লকে কনকো-ফিলিপসের অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের (টুডি সিসমিক সার্ভে) কাজ পেয়েছে একটি চীনা প্রতিষ্ঠান।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) কর্মকর্তারা জানান, চীনের ভূতাত্ত্বিক জরিপকারী সংস্থা বিজিপি আগামী ফেব্র“য়ারি থেকে বঙ্গোপসাগরে কাজ শুরু করবে।
এ জরিপের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত আটটি প্রতিষ্ঠানের ব্যাপারে পেট্রোবাংলা গত ২২ সেপ্টেম্বর অনাপত্তিপত্র দিলে চূড়ান্ত দরপত্র ডাকে কনকো-ফিলিপস। এতে সর্বনিু দরদাতা হয় বিজিপি। পেট্রোবাংলা গত ৭ ডিসেম্বর জানায়, চীনা এ প্রতিষ্ঠান জরিপের দায়িত্ব পেলে তাদের আপত্তি নেই।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মোহাম্মদ ইমাদুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, “কনকো ফিলিপসের নির্বাচিত প্রতিষ্ঠানটির ব্যাপারে অনাপত্তি জানানো হয়েছে।”
বিজিপি বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাসের অবস্থান নির্ণয় এবং এর বিস্তৃতিসহ প্রাথমিক মজুদের ধারণা পেতে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ (টুডি সিসমিক সার্ভে) চালাবে। এই দুই ব্লকে তেল-গ্যাস উত্তোলনে গত ১৬ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন (পিএসসি) চুক্তি করে সরকার।
পিএসসি চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে পাঁচ হাজার একশ ৫৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে কনকো-ফিলিপস। চট্টগ্রাম বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে এ দুটি ব্লকে সমুদ্রের গভীরতা এক থেকে দেড় কিলোমিটার।
নয় বছর মেয়াদী এই চুক্তিতে তিন ধাপে জরিপ ও খনন চালানোর শর্তে ১৬ কোটি ডলার ব্যাংক গ্যারান্টি দিয়েছে কনকো-ফিলিপস।
তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই কনকো-ফিলিপসের সঙ্গে এই চুক্তির বিরোধিতা করে আসছিলো। চুক্তি স্বাক্ষরের পর এর প্রতিবাদে অর্ধদিবস হরতালও পালন করেছে সংগঠনটি।
তেল-গ্যাস রক্ষা কমিটির দাবি, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
দেশে প্রতিদিন ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ ২০০ কোটি ঘটফুট। সে হিসেবে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯০২ ঘ.
bdnews24