২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শুল্ক বেশি হওয়ায় মসলা আসছে অবৈধভাবে'

মসলার আমদানি শুল্ক বেশি দাবি করে আমদানিকারকরা বলছেন, এ কারণে চোরাই পথে এ পণ্য আমদানি বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মসলার আমদানি শুল্ক বেশি দাবি করে আমদানিকারকরা বলছেন, এ কারণে চোরাই পথে এ পণ্য আমদানি বেড়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মসলার ওপর শুল্ক কমানোর দাবি জানান। বর্তমানে মসলার বেশি দামের জন্য খুচরা বিক্রেতাদের দায়ী করেন আমদানিকারকরা। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান সাংবাদিকদের বলেন, শুল্ক বেশি হওয়ায় অতিরিক্ত মুনাফার জন্য চোরাই পথে গরম মসলা আসছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। তারা এ শুল্ক কমানোর দাবি জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে তাকে লোকসান দিয়ে মসলা বিক্রি করতে হচ্ছে। বর্তমানে যে মসলা বিক্রি হচ্ছে তা অনেক বেশি দামে আমদানি করা। এখন আন্তর্জাতিক বাজারে এর দাম কমে গেছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরী সভাপতিত্ব করেন। ঈদুল আজহার এই সময়ে মসলার মূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। মুর্তজা রেজা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ মসলাজাতীয় পণ্যের মূল্য তালিকা খুচরা বাজারে টানাতে হবে। পাইকারি বিক্রেতাদের পণ্য বিক্রির সময় খুচরা বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মেমো সরবরাহ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাজার পর্যবেক্ষণ বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৫৬ ঘ.