চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস স্ট্যাগারিংয়ের প্রতিবাদে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে চট্টগ্রামের রি রোলিং মিলের মালিকরা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) তাদের এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঈদুল আযহার পর কঠোর আন্দোলনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে ঘোষণা দেন মিল মালিকরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার চট্টগ্রামে ৭০টি রি রোলিং মিল মালিক, কমকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন পালন করে।
গ্যাস সংকটের কারণে গত সপ্তাহে চট্টগ্রামের পোশাক শিল্প ও রি রোলিং মিলে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রবি) কারখানা বন্ধ রাখতে চিঠি দেয় কেজিডিসিএল।
চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ এর প্রতিবাদের প্রেক্ষিতে ২৬ অক্টোবর পোশাক শিল্পে গ্যাস স্ট্যাগারিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার হয়।
চট্টগ্রাম রি রোলিং মিল্স ওনার্স এসোসিয়েশন'র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামে ৭০টি রি রোলিং মিলের মালিক, কর্মকর্তা-কর্মচারীরা গ্যাস স্ট্যাগারিংয়ের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন।"
তিনি বলেন, "গত ১০ বছরে চট্টগ্রামে শুধুমাত্র গ্যাস সংযোগের অভাবে ৩৮টি মিল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।"
"সপ্তাহে একদিন রি রোলিং মিলগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়" উল্লেখ করে তিনি বলেন, "সেক্ষেত্রে গ্যাস স্ট্যাগারিংয়ের সিদ্ধান্তের কারণে চট্টগ্রামের প্রতিটি রি রোলিং মিলকে সপ্তাহে ৪ দিন উৎপাদন বন্ধ রাখতে হবে।"
"রি রোলিং মিলে স্ট্যাগারিংয়ের কারণে শিপ ব্রেকিং, সিমেন্ট এবং অবকাঠামো উন্নয়ন খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে" যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২১৪৫ ঘ.
bdnews24