ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ইপিজেড) বাংলাদেশের বিভিন্ন খাতে আরো বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অস্ট্রেলিয়ার পার্থ কনভেনশন অ্যান্ড এক্সিভিশন সেন্টারে কমনওয়েলথ রাষ্ট্র ও সরকার প্রধানদের একবিংশতম সম্মেলনের ফাঁকে শুক্রবার বিকালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লুঙয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে দুই প্রধানমন্ত্রী উন্নয়নের বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন।
সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) গড়ে তুলতে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বিভিন্ন উদ্দীপনামূলক পদক্ষেপ নিয়ে বর্তমান সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। আপনারা এসব সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে পারেন।"
এ সময় নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে জাতিসংঘের সাউথ-সাউথ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান লি হিয়েন। গত মাসের শেষ দিকে নিউ ইয়র্কে ওই পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদ-উজ-জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেল স্যুটে এসে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুদেশের মধ্যে বাণিজ্য স¤প্রসারণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১২২২ ঘ.
bdnews24