২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি রপ্তানির অনুমতি চেয়েছে ব্যবসায়ীরা

বাজারে মূল্য স্থিতিশীল না হলেও চিনি রপ্তানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে মূল্য স্থিতিশীল না হলেও চিনি রপ্তানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ে বুধবার বিকেলে ভোজ্য তেল ও চিনি ব্যবসায়ীদের এক বৈঠকে এ অনুমতি চাওয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া না দিয়ে বলা হয়েছে, দেশের বাজারে এসব নিত্যপণ্যের মুল্য স্থিতিশীল হলেই কেবল রপ্তানির অনুমতি দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে হওয়া সভা শেষে বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন। সচিব বলেন, "দেশে বর্তমানে স্থাপিত পরিশোধন কারখানাগুলোর চিনি উৎপাদনের ক্ষমতা রয়েছে প্রায় ১০ হাজার মেট্রিক টন। কিন্তু আমাদের অভ্যন্তরীণ চাহিদা রয়েছে সাড়ে চার হাজার মেট্রিক টন। এ অবস্থায় চাহিদার চেয়ে অতিরিক্ত চিনি ব্যবসায়ীরা রপ্তানি করার অনুমতি চেয়েছেন।" ‍"কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশে চিনি ও ভোজ্য তেলের মূল্য স্থিতিশীল হলেই কেবল রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়টি সরকার ভাববে। এছাড়া কোনো অবস্থায় এসব পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হবে না।" সচিব জানান, সভায় চট্টগ্রামসহ ঢাকার বাইরে পরিশোধনকারী চিনি ও ভোজ্য তেল কারখানাগুলোর জন্য পর্যাপ্ত পরিবেশক নিয়োগ না হওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ কারণে প্রত্যন্ত এলাকায় না পৌঁছলেও বাণিজ্যিক এলাকাগুলোতে চিনি ও ভোজ্য তেল পৌঁছে যাচ্ছে। এতে বাজারে বিরূপ প্রভাব পড়ছে। "এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনি ও ভোজ্য তেল ব্যবসায়ী সংগঠনের নেতাদের সহযোগিতা চাওয়া হয়। তারাও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।" এছাড়াও সভায় চিনি ও ভোজ্য তেলের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাসসহ কিছু সুযোগ-সুবিধা দেওয়া এবং চিনি পরিশোধনের কাঁচামাল ফসফরিক এসিড আমদানির অনুমতির ক্ষেত্রে দুই মন্ত্রণালয়ের মধ্যে বিরাজমান অসুবিধা দূর করার বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমাধান করতে বাণিজ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান গোলাম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১১৩ ঘ.