চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত দিয়ে অবৈধভাবে মসলা আনা বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতির নেতারা।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, চোরাই পথে বিভিন্ন ধরণের জিরা, এলাচের মতো মসলা জাতীয় পণ্য ভারত থেকে বাংলাদেশে আসছে।
"এসব মসলা পণ্য বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে।এতে সরকার বছরে প্রায় ২ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।'
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছর চোরাই পথে প্রায় ২ হাজার টন এলাচ এবং ছয় হাজার টন জিরা দেশে আসে। বৈধ পথে এগুলো এলে সরকার পণ্যদুটি থেকে যথাক্রমে ১ হাজার ৫ কোটি টাকা এবং ৮৪০ কোটি টাকা রাজস্ব আয় পেত।
সৈয়দ ছগীর জানান, চোরাই পথে মসলা আমদানি হওয়াতে সরকার এ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি প্রকৃত আমদানিকারক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
শুল্ক ফাঁকি দিয়ে এসব মসলা পণ্য আখাউড়া, ফেনীর ছাগলনাইয়া, চৌদ্দগ্রামের মিয়াবাজার, বগুড়া এবং খুলনা সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন বাজারে যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম অবৈধ পথে পণ্য আমদানি বন্ধের দাবি জানিয়ে মসলার দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক কমানোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সদস্য আলমগীর পারভেজ, আমদানিকারকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
# বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এসইউ ১৪২৩ ঘ.
bdnews24