ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা বাজারে বিক্রি হওয়া চালের দাম প্রতি কেজিতে এক টাকা করে বাড়াচ্ছে সরকার। খাদ্যে ভর্তুকি কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
তবে চালের দাম বাড়তে থাকায় নতুন করে ৩ লাখ ১৫ হাজার পরিবারকে রেশন সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
রোববার খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, "আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এ কারণে খাদ্য কিনতে ভর্তুকি দিতে গিয়ে সরকারের উন্নয়ন বাজেটের ওপর চাপ পড়ছে। তাই ১ ফেব্র"য়ারি থেকে ওএমএসের মাধ্যমে বিক্রি হওয়া চালের দাম প্রতি কেজিতে এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তবে এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে যদি চালের দাম কমে যায়, তবে আর দাম বাড়ানো হবে না বলে জানান তিনি।
১ ফেব্র"য়ারি থেকে ওএমএসের প্রতি কেজি চালের দাম হবে ২৫ টাকা। আগে ২৪ টাকায় বিক্রি হতো।
চলতি অর্থবছরের বাজেটে খাদ্য কেনার জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানান রাজ্জাক।
তিনি বলেন, চালের দাম বাড়তে থাকায় চলতি মাস থেকেই চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ও গ্রাম পুলিশদের ৩ লাখ ১৫ হাজার পরিবারকে রেশন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার মাসে ২০ কেজি করে খাদ্য (চাল ও গম) কিনতে পারবে।
তবে এর মধ্যে প্রতি পরিবার কত কেজি চাল ও কত কেজি গম পাবে তা নির্ভর করবে সরকারের মজুদের ওপর, বলেন মন্ত্রী। রেশনের চালের দাম ওএমএসের দামেই হবে। আর প্রতি কেজি গম পড়বে ২০ টাকা।
সরকার দুস্থদেরও রেশনের আওতায় আনার পরিকল্পনা করেছে বলেও জানান রাজ্জাক। তবে কোন শ্রেণীর কত দুস্থ মানুষকে রেশনের আওতায় আনা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
মন্ত্রী বলেন, চলতি মাস থেকেই ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে সারাদেশে ১১ লাখেরও বেশি দুস্থদের মধ্যে চাল বিক্রি করা হবে।
দেশের বাজারে চালের দাম বাড়ার কারণ সম্পর্কে আব্দুর রাজ্জাক বলেন, "কৃষক পর্যায়ে মন ১ হাজার টাকা দরে ধান বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট না থাকলেও কারসাজি রয়েছে। এদের নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।"
দেশে খাদ্য সঙ্কটের কোনো আশঙ্কা নেই- আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আমাদের যথেষ্ট মজুদ রয়েছে। বর্তমানে ৮ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। বন্দরে রয়েছে আরো ২ লাখ মেট্রিক টন। এছাড়া আরো আড়াই লাখ মেট্রিক টন চাল কেনার জন্য ভিয়েতনামের সঙ্গে চুক্তি হয়েছে।
এপ্রিলের মধ্যে মজুদ ১৫ লাখ মেট্রিক টন হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24