ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে সংকোচন নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার রাজধানীতে বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
এ সময় আতিউর রহমান বলেন, "চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতির ভঙ্গীটি হবে আরো দ্রুত অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং আরো সহনীয় মূল্যস্ফীতি সহায়ক।"
তিনি মূল্যস্ফীতির চাপকে সব সময় পর্যবেক্ষণে রাখার ওপর জোর দেন।
চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত এই মুদ্রানীতিতে বলা হয়, কৃষি, এসএমই, নবায়নযোগ্য জ্বালানী এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে পর্যাপ্ত অর্থায়ন কার্যক্রম জোরদার করা হবে।
গভর্নর বলেন, "পাশাপাশি অপচয়ী ভোগ, অনুৎপাদনশীল ফটকাবাজারী বিনিয়োগের প্রসার নিরুৎসাহিত রাখার বর্তমান ধারাকে আরো বেগবান করা হবে।"
তিনি আরো জানান, এ বছরও নীতিনির্দেশক সুদ হার, সিআরআর, এসএলআর এর প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে তারল্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক সক্রিয় থাকবে।
"বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ তারল্যস্ফীতি ঘটায় এবং টাকার উপর অতিমূল্যায়ন চাপ সৃষ্টি করে। বিনিয়োগ বাড়িয়ে এই দুই চাপই মোকাবেলার চেষ্টা করা হবে", বলেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, রেমিট্যান্স ও আমদানি প্রবৃদ্ধি, যা কিছু সময় ধরে উর্দ্ধমুখী ছিল, তা স্বাভাবিক ধারায় ফিরে এলে এ ধরনের চাপ কমে আসবে।
অর্থনৈতিক খাতের প্রসারে ঋণ প্রাপ্তির উদ্যোগের পাশাপাশি অর্থ ও ঋণ বাজারের সর্বোচ্চ স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
মূল্যস্ফীতির বিষয়ে গভর্নর জানান, এপ্রিল ২০১০ এ বার্ষিক ভোক্তামূল্যস্ফীতি মার্চের তুলনায় খানিকটা কমে আসলেও ১২ মাসের বার্ষিক গড় ভোক্তামূল্যস্ফীতি ৬ দশমিক ৫১ শতাংশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, "এই হার ২০১০ অর্থবছরে প্রক্ষেপিত বার্ষিক গড় ভোক্তামূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের নির্ধারিত লক্ষ্যমাত্রা কিছুটা অতিক্রম করে ফেলেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/জিএনএ/১৭৫৮ঘ.
bdnews24