২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধ-ভাংচুর

বেতন না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার প্রায় তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে দুটি পোশাক কারখানার কয়েকশ' শ্রমিক। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 08:51 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

নারায়ণগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার প্রায় তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে দুটি পোশাক কারখানার কয়েকশ' শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা দুটিতে হামলাও চালায়। রাস্তায় কয়েকটি গাড়ি ভাংচুর এবং টায়ার, আসবাবপত্র জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কারখানার ১০ শ্রমিক আহত হয়েছে। সকাল ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা বাসস্ট্যান্ড এলাকায় রপ্তানিমুখী অন্তিম নিটিং ডাইং ও অন্তিম কম্পোজিট কারখানার শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করে। মালিকপক্ষের আশ্বাসে তারা বেলা পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। পুলিশ জানায়, কারখানা দুটিতে প্রায় চার হাজার শ্রমিক কাজ করে। সোমবার তাদের বেতন দেওয়ার কথা ছিলো। কিন্তু তারা সকালে এসে জানতে পারে বেতন দেওয়া হবে না। এতে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় হামলা ও ভাংচুর চালায় এবং কারখানার গেটে তালা বন্ধ করে দেয়। পুলিশ ধাওয়া করলে তারা জড়ো হয়ে সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা কারখানার চেয়ার, টেবিল, আসবাবপত্র ও টায়ারে অগ্নিসংযোগ করে। ৮/১০টি যানবাহন ভাংচুর করে। পুলিশের সঙ্গ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত শ্রমিক লুনা, ইমরান, আলেয়া, জামাল হোসেন, আছিয়া আক্তার, পথচারী ইলিয়াছ মোল্লা, দেলোয়ার হোসেন পায়েলসহ অন্তত ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, মালিকপক্ষ আগামী ১৫ তারিখে শ্রমিকদের বেতন পরিশোধ এবং প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়ার আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা পৌনে ১২টায় অবরোধ তুলে নিয়েছে। তারপর যান চলাচল শুরু হয়েছে। কারখানার শ্রমিক আশরাফউদ্দিন জানান, শ্রমিক অসন্তোষের জন্য মালিকপক্ষই দায়ী। হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই নোটিশ দেওয়ায় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠৈ। এ ব্যাপারে অন্তিম নিটিং ডাইং এন্ড কম্পোজিট গার্মেন্টসের মালিক আলী আকবর বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে গার্মেন্টসের দায়িত্বরত কর্মকর্তারা বেতন দেওয়ার তারিখ পেছানোয় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগমী ১৬ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে। এরপর থেকে আগের মতো ১০ তারিখে বেতন-ভাতা দেওয়া হবে বলে তিনি জানান। সিলেটগামী বাসযাত্রী নাবিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টা থেকে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাবো জানি না।" বৃদ্ধ সেকান্দার আলী সাংবাদিকদের বলেন, "নাতিকে দেখার জন্য মেয়ের বাড়ি যাচ্ছি। যানজটে খুব অসুস্থ হয়ে পড়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.