ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে আরো তিনটি পাঁচ তারা হোটেল নির্মাণ করবে ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস ও স্টারউড হোটেলস এ্যান্ড রিসোর্টস।
ঢাকার বনানীতে লা মেরিডিয়ান, গুলশান-২-এ দ্য ওয়েস্টিন-২ ও চট্টগ্রামে একটি পাঁচ তারা ওয়েস্টিন হোটেল তৈরি হবে। এটিই হবে চট্টগ্রামের প্রথম পাঁচতারা হোটেল।
মঙ্গলবার ঢাকায় ওয়েস্টিন হোটেলে এই দুটি প্রতিষ্ঠান চুক্তি সাক্ষর করে। ইউনিক গ্র"পের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুর আলী ও স্টারউড গ্র"পের ভাইস প্রেসিডেন্ট ডন ইলিয়ন চুক্তিতে সাক্ষর করেন।
এসময় পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক এসএ সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পর্যটনে উৎসাহিত করার ক্ষেত্রে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়ে আবদুল মান্নান খান বলেন, "এটি দেশের বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করবে।"
২০১২ সালের মধ্যে হোটেলগুলো নির্মাণ হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১৪৪ ঘ.
bdnews24