নারায়ণগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোনের স্ক্র্যাচ কার্ড বাকিতে না দেওয়ায় নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৮টায় শহরের সৈয়দপুর এলাকায় এই হামলায় আহত হয়েছে ১০ জন।
এদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যদের শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
শহরের নিতাইগঞ্জ কাঠপট্টি এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বুধবার সকালে এলাকার চিহ্নিত 'বিচ্ছু বাহিনী'র সদস্য শাহীন তার ফোন-ফ্যাক্সের দোকানে গিয়ে ৫০ টাকার একটি কার্ড বাকি চায়।
বাকিতে কার্ড না দেওয়ায় শাহীন ও তার লোকজন তাকে মারধর করে এবং দোকান থেকে বের করে দেয়।
এ নিয়ে শাহীনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
মুরাদ জানান, রাত সাড় ৮টার দিকে ২০/৩০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়। মারধর করে বাড়ির লোকজনকে।
হামলায় আহতদের মধ্যে আছেন- মনিরা বেগম (২৫), মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস (৬০), কবির হোসেন (২১), তাসলিমা (১৮), হেলেনা (২০), নাজমা (২৮), হাসনা বেগম (৪০), বিল্লাল সরকার (৩৫)।
আহতদের মধ্যে জুলহাস, কবির হোসেন, হেলেনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৬ ঘ.
bdnews24