ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে ক্ষুদ্র পুঁজি গঠনের মাধ্যমে সামাজিক উন্নয়ন কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও সুজন সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ।
৮৭তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে শনিবার ইউনিভার্সাল কো-অপারেটিভ সোসাইটির (ইউসিএস) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোল-টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৬০'র দশকসহ আগের দিনগুলোতে সমবায় আন্দোলনকে বেশ গুরুত্ব দেওয়া হতো। এ কারণেই দেশের সংবিধানেও সমবায় আন্দোলনের ওপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।
কিন্তু ৮০'র দশকে বিশ্বব্যাংক এবং এনজিওর কার্যক্রম শুরুর পর সমবায়ের ওপর থেকে সরকারের দৃষ্টি ব্যক্তি-কেন্দ্রীক ব্যবস্থার দিকে চলে যায় বলে অভিযোগ করে তিনি বলেন, এতে সমবায় আন্দোলন ও দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউসিএস'র ব্যবস্থাপনা পরিচালক জহিরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার কমিশনের সাবেক সদস্য তোফায়েল আহমেদ, সমবায় অধিদপ্তরের সহকারী পরিচালক সাদেক হোসেন, জেলা সমবায় কমকর্তা আব্দুল জব্বার, জাতীয় মহিলা সমবায় সমিতির সভাপতি সালেহা বেগম, ঢাকা জেলা সমবায় ফোরামের সভাপতি এসএম আহমদী সাব্বির ও ওলামা সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা।
অধ্যাপক মোজাফ্ফর আহমেদ তার বক্তব্যে বলেন, সমবায়ের মূল ধারণা আত্মশক্তি অর্জন ও সামাজিক পুঁজি গঠন। এ পুঁজি যথাযথভাবে ব্যবহার করে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন করা সম্ভব।
সরকারি পদক্ষেপ না থাকায় সমবায় আন্দোলন কিছুটা গতিহীন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি।
সুজন সভাপতি বলেন, ফলে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে তেমন কোন কাজ হচ্ছে না। সরকারের উচিত ক্ষুদ্র পুঁজি গঠন করে দরিদ্রদের সমৃদ্ধি অর্জনে সহায়তা করা।
এবারের বাজেটে সমবায় খাতে উল্লেখযোগ্য কোন অর্থ বরাদ্দ না করায় সরকারের সমালোচনা করে মোজাফ্ফর আহমেদ বলেন, এক্ষেত্রে 'একটি বাড়ি একটি খামার' নামে যে প্রকল্প রয়েছে, তা কার মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করা হবে, তাও স্পষ্ট নয়। অথচ সরকারের কাছে জনগণের এ ব্যাপারে অনেক প্রত্যাশা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২১১০ ঘ.
bdnews24