ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের টার্মিনালে কন্টেইনার ওঠা-নামার বর্ধিত সার্ভিস চার্জ (ফ্রেইট ফরোয়ার্ডিং সার্ভিস) কমিয়ে কন্টেইনার প্রতি এক হাজার ৫০০ টাকায় পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
তত্ত্বাবধায়ক সরকারের সময় এই চার্জ বাড়িয়ে দুই হাজার ৫০০ টাকা নির্ধরণ করা হয়েছিল। কিন্তু তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এবং সার্ভিস চার্জ আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈশ্বিক মন্দার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের অনুরোধে ফ্রেইট সার্ভিস চার্জ দুই হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।"
তিনি জানান, ২০০৩ সাল থেকে চট্টগ্রাম বন্দরে মালামাল ওঠা-নামার ফ্রেইট সার্ভিস চার্জ ছিল কন্টেইনার প্রতি এক হাজার ৫০০ টাকা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় এ চার্জ বাড়িয়ে দ্ইু হাজার ৫০০ টাকা করা হয়। কিন্তু তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে জানুয়ারিতে আলোচনা করে চার্জ বাড়ানো অথবা স্থির রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
নৌ-পরিবহণমন্ত্রী আফসারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুল হক চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ কুদ্দুস, এফবিসিসিআই'র সহ-সভাপতি আবু আলম চৌধুরী, বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, বিকেএমইএ'র সভাপতি ফজলুল হক, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এমএ সালাম, ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরোয়ার্ডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি বদরুল হক চৌধুরী ও এসোসিয়েশন অব কার্গো এজেন্টস-এর সভাপতি সাইফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/টিআর/১৯১৫ ঘ.
bdnews24