ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন গবেষক আতিউর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হচ্ছে। রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।
অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, "গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক গবেষক, বর্তমানে একটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন।"
এ ব্যাপারে রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে টেলিফোনে আতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেই মুহূর্তে এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার কথা জানিয়ে বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হওয়ার বিষয়টি আমি টেলিফোনে জেনেছি। তবে এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি বা কাগজ পাইনি। সে কারণে আজ (রোববার) এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। চিঠি পাওয়ার পর কাল (সোমবার) সাংবাদিকদের সঙ্গে কথা বলবো।"
আতিউর জানান তিনি নেপাল গিয়েছিলেন।
এর আগে বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এর সত্যতা জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিলেও একই ইঙ্গিত দিয়েছেন।
এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন, "আগামীকাল এ বিষয়ে জানানো হবে।"
অর্থ মন্ত্রীর একজন সহযোগী নাম প্রকাশ না কারা শর্তে বলেন, "ইতোমধ্যে অর্থমন্ত্রী আতিউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।"
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর সালেহউদ্দিনের চাকরির চার বছরের মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে তার চাকরির মেয়াদ বাড়ানোর যে জল্পনা-কল্পনা চলছিল নতুন এই নিয়োগে এরও অবসান হলো।
স
bdnews24