ঢাকা এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দা মোকাবেলা ও ইউরোপের বাজার ধরে রাখতে হলে পণ্যের গুণগত মান বজার রাখার পাশাপাশি বৈচিত্র্য আনতে হবে। আর তা করা গেলেই মন্দা এড়িয়ে ইউরোপের বাজারে বাংলাদেশী নারী উদ্যোক্তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারবেন।
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, রপ্তানি পণ্যের মানবৃদ্ধি ও বৈচিত্র আনার লক্ষ্যে আয়োজিত দুইদিনব্যাপী এক কর্মশালা উদ্বোধনকালে এ অভিমত দেন বক্তারা।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত এই কর্মশালায় বিদেশি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে নিটল সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমেদ বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর থেকে এই প্রকল্প বাস্তবায়িত হয়ে আসছে। এর মাধ্যমে ইউরোপের বাজারের জন্যে সঠিক পণ্য তৈরি ও বাজারজাতকরণে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়তা করা হয়েছে। ঢাকার বাইরের বিভিন্ন শহরের নারী উদ্যোক্তাদেরও প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে।
আয়োজকরা বলেন, সারা বিশ্বেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে এই সমস্যার পরিমাণ আরো বেশি। প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই এসব সমস্যা মোকাবেলা করতে হবে।
"ডিজাইনস অন ডাইভারসিফিকেশন" প্রকল্পের আওতায় নারীদের জন্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক কার্যাবলী বাস্তবায়ন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুক্তরাজ্যের বার্মিংহাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ, ফ্রান্সের লিওঁ চেম্বার অব কমার্স ও শিল্প অ্যাসোসিয়েশন অব নেপালের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বার্মিংহাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের আন্তর্জাতিক পরিচালক জোনাথন ওয়েবার, ম্যাথু বোলটন কলেজের প্রশিক্ষক জ্যানেট প্রোলে, ফ্যাশন বিশেষজ্ঞ কিম আর নোয়েলস এবং ইইউর মূল্যায়ক টনি র্লেক।
জোনাথন ওয়েবার বলেন, বিশ্ব মন্দার কারণে ইউরোপে অন্য সব দেশের মতো বাংলাদেশের বাজারও কিছুটা সঙ্কুুচিত হবার সম্ভাবনা রয়েছে। সেটি এড়াতে গুণগত মান বাড়ানোর পাশাপাশি পণ্যের নকশায় বৈচিত্র্য আনা দরকার।
ফ্যাশন বিশেষজ্ঞ কিম আর নোয়েলস বলেন, পণ্যের নকশা ফ্যাশন অনুযায়ী হলে তা ক্রেতাদের বেশি আকর্ষিত করবে। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের এ বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে।
বোলটন কলেজের ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট বিশেষজ্ঞ জ্যানেট প্রোলে বলেন, ইউরোপের প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে স্থান পেতে হলে পণ্যের উৎপাদন পদ্ধতি, নকশা ও বাজারজাতকরণ পরিকল্পনায় বৈচিত্র্য ও অভিনবত্ব থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৮১৪ঘ.
bdnews24