ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ^ অর্থনীতির চলমান মন্দার প্রতিক্রিয়া মোকাবিলায় বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছে সরকার বাজেট সহায়তা চাইবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে 'বাংলাদেশের অর্থনীতিতে বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব শীর্ষক' এক গোলটেবিল বৈঠকে তিনি জানান, আগামী ২০০৯-২০১০ অর্থ বছরের বাজেটের জন্য এ সহায়তা চাওয়া হবে। এরই মধ্যে বিশ্বব্যাংকসহ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সরকারের এ ব্যাপারে আলোচনাও হয়েছে।
আর এ বিষয়টি বিবেচনায় রেখেই নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।
বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) আয়োজিত বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বিশ^ অর্থনৈতিক মন্দার দিকে সরকার সজাগ দৃষ্টি রাখছে। কিছু কিছু ক্ষেত্রে এর কিছুটা প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, এসব খাতের ক্ষতি যাচাই-বাছাই করে যতটা সম্ভব সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের নিয়ে এরই মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সও গঠন করা হয়েছে।
মুহিত বলেন, আগামী কয়েকদিনের মধ্যে মন্দার প্রভাব মোকাবিলার জন্য একটি সমন্বিত প্রণোদনামূলক প্যাকেজের কথা ঘোষণা করা হবে। এছাড়া মন্দায় ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তার জন্য একটি রপ্তানি তহবিল গঠনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, "চলতি ২০০৮-০৯ অর্থবছরে আমাদের অর্থনীতিতে বিশ^ মন্দার প্রভাব তেমন একটা না পড়লেও আগামী ২০০৯-১০ অর্থবছরে এর তীব্র প্রভাব পড়তে পারে। এ কারণে নতুন বাজেটে দেশে কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি সৃষ্টি, কৃষি খাতের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হবে। বিদ্যুৎ খাতের উন্নয়নের ওপর অগ্রাধিকার দেওয়া হবে। বাজেটে এ জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে।
এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দাতাদের কাছ থেকে বাজেট সহায়তা চাওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, বিশ^ অর্থনৈতিক মন্দার প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি পড়েছে। এ মন্দা কতদিন বিরাজ করবে তা বলা মুশকিল। তবে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বিশ্ব মন্দার প্রভাব কাটিয়ে উঠতে তার দেশের সরকার ৭৫০ বিলিয়ন ডলারের প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণা করেছে।
ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ^ মন্দার প্রভাব মোকাবিলা করতে হবে। সংকট মোকাবিলায় জি-২০ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) বিশেষ সহয়তা দেওয়ার বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। উন্নত দেশগুলো এ ব্যপারে যে সহায়তা তহবিল গঠন করবে তা থেকে বাংলাদেশও সহায়তা পাবে বলে জানান তিনি।
বিইআই বোর্ড অব গভনর্সের চেয়ারম্যান ও বেক্সিমকো গ্র"পের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিইআই প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, জেনেভায় জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিক আবু আহমেদ, মমতাজউদ্দিন আহমদ, বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/ডিডি/টিআর/০১৫১ ঘ.
bdnews24