ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই-তিন বছরের মধ্যে বিশ্ব অঙ্গনে বাংলাদেশের পুঁজিবাজার একটি বিকাশমান বাজার হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন সদ্য অবসরে যাওয়া এসইসি চেয়ারম্যান ফারুক আহমাদ সিদ্দিকি।
রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
গত সপ্তাহে ফারুক আহমাদ সিদ্দিকি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান পদ থেকে আবসর নেন। ২০০৬ সালে তিনি এ পদে যোগ দেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক এই চেয়ারম্যান বলেন, "দেশের পুঁজিবাজারের ইতিহাসে গত দুটি বছর ছিলো উল্লেখযোগ্য। ওই সময়ে বাজারে গড় লেনদেন এবং পুঁজির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।"
নগরীর হোটেল সারিনাতে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন এসইসি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আলম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সভাপতি নাসিরউদ্দিন আহমেদ এবং সহ-সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএনএস/এইচএ/০১২৭ঘ.
bdnews24