ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ সংক্রান্ত তথ্য গ্রাহকদের কাছে দ্রুততর সময়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, গ্রাহকদের কাছে সময়মতো এ তথ্য সরবরাহ করা আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম দায়িত্ব।
রোববার হোটেল শেরাটনে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) স্বয়ংক্রিয় করার প্রকল্প উদ্বোধনের সময় আতিউর রহমান একথা বলেন।
নতুন পদ্ধতিতে সিআইবিকে অনলাইনের আওতায় এনে যুগোপযোগী করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা খুব কম সময়ে তাদের ঋণ সংক্রান্ত তথ্য হাতে পেয়ে যাবেন।
আতিউর রহমান বলেন, "বর্তমান পদ্ধতিতে ঋণ বিষয়ক তথ্য সরবরাহ করতে কেন্দ্রীয় ব্যাংককে হিমশিম খেতে হচ্ছে। এসএমই ও কৃষি ঋণ দেওয়া শুরু হলে এ অবস্থা আরো ভয়াবহ রূপ নেবে। তাই সিআইবিকে যুগোপযোগী করার বিকল্প কিছু নেই।"
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও নরওয়ের এজেন্সি অব ডিপার্টমেন্টের সহযোগিতায় আইএফসি সিআইবি ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে।
এ প্রকল্প প্রধান আইএফসি'র রেহান রাশেদ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ঋণপ্রাপ্তির নিশ্চয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ এশিয়ায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি সবচেয়ে বড় বাধা।
সিআইবি'র এই স্বয়ংক্রিয় পদ্ধতি সম্পূর্ণভাবে চালু হতে আরো ছয় মাসের মতো লেগে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২২৫৫ঘ.
bdnews24