বেনাপোল, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রপ্তানি সংক্রান্ত কাগজে স্বাক্ষর করা নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দুই দফায় ছয় ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
প্রথম দফায় ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। মাঝে এক ঘণ্টা কাজ হলেও ৩টার পর আবার বন্ধ হয়ে যায়। সমঝোতার পর বিকেল ৫টা থেকে কাজ শুরু হয়।
বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ আইজিএম (ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট) স্বাক্ষর করতে অস্বীকার করায় এই জটিলতা সৃষ্টি হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বেনাপোল কাস্টমস কার্গো শাখার সুপারিনটেনডেন্ট এম এ হামিদ।
আমদানি-রপ্তানি কাজ বন্ধ থাকায় দু'পারে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়েছে।
পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট কর্মচারী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চক্রবর্তী ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় কাষ্টমস কর্তৃপক্ষ বেনাপোল থেকে পাঠানো আইজিএম স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে এই জটিলতা সৃষ্টি হয়।
তিনি জানান, এতদিন পণ্যবাহী ট্রাকচালকদের হাত দিয়ে আইজিএম পাঠানো হত। কিন্তু পেট্রাপোল কর্তৃপক্ষ বলছেন এখন থেকে সিঅ্যান্ডএফ এজেন্টকে আইজিএম নিয়ে আসতে হবে। এই শর্ত দিয়ে বাংলাদেশ থেকে আসা পণ্য গ্রহণে অস্বীকৃতি জানায় তারা। এর প্রতিবাদে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টরাও আমদানি বন্ধ করে দেয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি হবিবর রহমান জানান, ভারতীয় কাষ্টমস কর্তৃপক্ষের সঙ্গে সেদেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের বৈঠকের পর দুপুর ২টার পর কাজ শুরু হয়। এক ঘণ্টা পর আবার একই জটিলতায় কাজ বন্ধ হয়ে যায়।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, তিনটার পর যখন আবার জটিলতা তৈরি হল তখন তারা নোম্যান্স ল্যান্ডে গিয়ে পেট্রাপোল কাস্টমস বিভাগের সহকারী কমিশনার কে শর্মার সঙ্গে আলোচনা করেন। আলোচনায় আগের নিয়ম বহাল থাকার সিদ্ধান্ত হওয়ায় বিকেল ৫টার পর আমদানি-রপ্তানি আবার শুরু হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে তিনি জানান, এখন কাজ পুরো দমে চলছে। কিছু ট্রাক এখনো আটকে আছে। তবে কয়েক ঘণ্টার মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৯ ঘ.
bdnews24