২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকিতে অভিযুক্তরা আয় বৈধের সুযোগ পাচ্ছেন না

কর ফাঁকির দায়ে অভিযুক্তরা তাদের অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পাচ্ছেন না। এর বাইরে নির্ধারিত আয়করের সঙ্গে অতিরিক্ত সাত শতাংশ হারে জরিমানা দিয়ে ৩১ অক্টোবর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করা যাবে। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮-০৯ করবছরে অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত আয়করের সঙ্গে অতিরিক্ত সাত শতাংশ হারে জরিমানা দিয়ে ৩১ অক্টোবর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করা যাবে। তবে যাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতায় আছে তারা আয় বৈধ করার সুযোগ পাবেন না। তাছাড়া, অসাধু আয়ও বৈধ করা যাবে না। শনিবার প্রজ্ঞাপনটি জারি করে এনবিআর। চলতি ২০০৭-০৮ করবছরে কোনো নির্দিষ্ট বছরের অপ্রদর্শিত আয় বৈধ করতে হলে ওই বছরের নির্ধারিত আয়করের সঙ্গে পাঁচ শতাংশ অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছিল। কিন্তু এবার যে বছরেরই আয় হোক না কেনো তা বৈধ করতে হলে নতুন কর বছরের (২০০৮-০৯) নির্ধারিত করের সঙ্গে সাত শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হবে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা বৈধভাবে উপার্জিত আয় যে কোনো কারণেই হোক না কেনো এতোদিন বৈধ করেননি তারা ২০০৮-০৯ করবছরের প্রযোজ্য হারে আয়কর এবং এর সঙ্গে অতিরিক্ত সাত শতাংশ জরিমানা দিয়ে আয় বৈধ করতে পারবেন। এনবিআর থেকে সরবরাহ করা এক পৃষ্ঠার নির্ধারিত ছকে আগামী ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে অপ্রদর্শিত আয় বৈধের সুযোগ থাকবে।" তবে করফাঁকির দায়ে অভিযুক্তরা কোনো অবস্থাতেই এ সুযোগ পাবেন না বলে জানান এনবিআর চেয়ারম্যান। এবার অপ্রদর্শিত আয় বৈধ করা থেকে সরকার কত রাজস্ব পেতে পারে- এমন প্রশ্নের জবাবে আবদুল মজিদ বলেন, "এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।" গত ৯ জুন বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন। এ বিষয়ে শনিবার ওয়েবসাইটে প্রকাশিত এনবিআর এর প্রজ্ঞাপনে বলা হয়, যেসব ব্যক্তি, কোম্পানি বা অন্যান্য করদাতা বৈধ উপায়ে অর্জিত আয় যেমন- জমি, দালান, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্টক ইত্যাদি এর আগে যথাযথভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন, সরকার তাদের অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র তিনদিন আগে (৪ জুন) নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দফায় দু'মাসের জন্য এই সুযোগ দেওয়া হয়। পরে এ সুবিধার মেয়াদ আরো দু'মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর জুনে সুযোগ দেওয়ার পর মোট ৪২ হাজার ৪৪৯ জন ৫ হাজার ২১৩ কোটি টাকা বৈধ করেন। আর এ থেকে সরকার ৮০২ কোটি টাকা কর পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০৫৬ ঘ.