২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট চেম্বারের ভোটার তালিকা সংশোধন করতে বলেছে এফবিসিসিআই

ভোটার তালিকা সংশোধনসহ কিছু গুরুত্বপূর্ণ রদবদল শেষে সম্ভাব্য দ্রুততম সময়ে বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজকে নির্দেশনা দিয়েছে শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই) এর আরবিট্রেশন ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বাগেরহাট, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা সংশোধনসহ কিছু গুরুত্বপূর্ণ রদবদল শেষে সম্ভাব্য দ্রুততম সময়ে বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজকে নির্দেশনা দিয়েছে শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই) এর আরবিট্রেশন ট্রাইব্যুনাল। এফবিসিসিআই'র সিনিয়র সহকারী সচিব মো. রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার পরিচালককে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন। বাগেরহাট চেম্বারের সদস্য মীর মুরাদ-উদ-দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেম্বারের তিনজন সদস্যের ভোটার তালিকা সংক্রান্ত একটি অভিযোগের শুনানি শেষে এফবিসিসিআই'র আরবিট্রেশন ট্রাইব্যুনাল গত ২৪ মে এই নির্দেশনা দেয়। নির্দেশনায় বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজ এর নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড পুনর্গঠনের জন্য বলা হয়েছে। তিনি জানান, বাগেরহাট চেম্বারের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ জুনে শেষ হচ্ছে। সেই হিসেবে গত ২৭ মে নির্বাচনের তারিখ ধার্য করে তফশীল ঘোষণা করা হয়েছিল। ওই তফশীলে চূড়ান্ত ভোটার তালিকায় ৩৫৮ জন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। এই ভোটার তালিকা সংশোধনসহ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মল্লিক সেলিম রেজার সদস্যপদের বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ এপ্রিল কাজী মাহফুজুর রহমান ও মো. মজিবুর রহমানসহ তিনি ট্রাইব্যুনালে আপত্তি দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে দুপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ সব নির্দেশনা দেয় বলে জানিয়েছেন মুরাদ-উদ-দৌলা। বাগেরহাট চেম্বারের সভাপতি শেখ শাহেদ আলী রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাইব্যুনালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার পরিচালকের মাধ্যমে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।" এর জন্য বর্তমান কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়াতে আবেদন করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৩ ঘ.