মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রায়ত্ব তেল-গ্যাস কোম্পানি বাপেক্সের সরবরাহ করা গ্যাসের জন্য আগামী জুলাই থেকে আরো বেশি দাম দেবে পেট্রোবাংলা।
পেট্রোবাংলা চেয়ারম্যান জালাল আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাপেক্সের কাছ থেকে গ্যাস কেনার ক্ষেত্রে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাস থেকে পেট্রোবাংলা প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্য বাপেক্সকে ২৫ টাকা করে দেবে। ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি ৫০ টাকা করে পাবে।"
বর্তমানে প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্য পেট্রোবাংলা বাপেক্সকে মাত্র ৭ টাকা দেয়।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, এটা ছিল রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাপেক্সের দীর্ঘদিনের দাবি। এতে করে গ্যাসের দামের ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে বাপেক্সের বৈষম্য কিছুটা হলেও কমবে।
জালাল আহমেদ জানান, সরকার গত ২২ এপ্রিল দাম বাড়ানোর এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, তেল-গ্যাস উত্তোলনকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছ থেকে সংস্থাটি ১২০ থেকে ২৪০ টাকায় প্রতি হাজার ঘনফুট গ্যাস কিনে থাকে।
বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে শেভরন। বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভিবাজার গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ৭ কোটি ১৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এ এছাড়া নাইকো ফেনী গ্যাস ক্ষেত্রে প্রতিদিন ৫০ লাখ ঘনফুট, টাল্লো বাঙ্গুরা গ্যাস ক্ষেত্রে প্রতিদিনি ৭ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে। কেয়ার্ন এনার্জি দেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু থেকে প্রতিদিনি ৫ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে।
দেশি কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড ও সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড প্রতি দিন ৮ কোটি ৭৩ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করে। আর বাপেক্স ফেঞ্চুগঞ্জ ও সালদা নদী গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে থাকে।
দেশের ৩১টি গ্যাস ক্ষেত্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রতিদিন ১৮ কোটি ৩৮ লাখ ঘনফুট। আর উৎপাদন হচ্ছে ১৭ কোটি ৫০ লাখ ঘনফুট।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বেশি দামে কিনে কম দামে গ্যাস বিক্রির কারণে সংস্থাটিকে প্রতি মাসে ৮০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। পেট্রোবাংলার ক্রমপুঞ্জিভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৮৪০ ঘ.
bdnews24