২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রির ধাক্কায় পুঁজিবাজারে দরপতন

বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় সোমবার পুঁজিবাজারে দরপতন হয়েছে। তবে এ পতনকে ইতিবাচকভাবেই দেখছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, দরপতনের কারণে শেয়ারের দামের সমন্বয় হবে, বাজার স্থিতিশীল থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় সোমবার পুঁজিবাজারে দরপতন হয়েছে। তবে এ পতনকে ইতিবাচকভাবেই দেখছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, দরপতনের কারণে শেয়ারের দামের সমন্বয় হবে, বাজার স্থিতিশীল থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারের গত সপ্তাহের চাঙাভাবের কারণে অনেক শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে দরপতনের কারণে এ আশঙ্কা অনেকটা কমেছে, বাজারও স্থিতিশীল আছে।" মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, সোমবার মিউচুয়াল ফান্ড, বীমা ও বিদ্যুৎ কোম্পানির শেয়ারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। সোমবার দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২২ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ কমে ৩০৪০ দশমিক ৫৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে হয় ২৫৫৯ দশমিক ৩১ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ কমে ২৩১৬ দশমিক ১৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৬ কোটি টাকার ২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬৫৮টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪৮৩ টাকা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ১১ শতাংশ বেড়ে ১১ টাকা ৮৩ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ২৯ শতাংশ কমে ৩৪৪৮ টাকা হয়েছে। আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ২৫ শতাংশ কমে ২৯০৪ টাকা হয়। অন্যদিকে দশমিক ২৩ শতাংশ বেড়ে ৫৬৩১ টাকা ৫০ পয়সা হয়েছে উত্তরা ব্যাংকের শেয়ার । এছাড়া লেনদেন তালিকার সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল ও পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বেক্সিমকো ফার্মা ও লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ৪৬ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকার ৪৯ লাখ ৯৮ হাজার ৬৯৫টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯৮টির দাম কমেছে এবং পাঁচটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১১৮ দশমিক ০৬ পয়েন্ট বা এক দশমিক ৩৮ শতাংশ কমে ৮৪২৬ দশমিক ৯৮ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৮১ দশমিক ৭৮ পয়েন্ট বা এক দশমিক ৪৭ শতাংশ কমে হয়েছে ৫৪৫৬ দশমিক ৩৪ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৯৩ দশমিক ১৪ পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ কমে ৭৩২৪ দশমিক ৫৯ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/১৮৫৩ঘ.