২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু এর 'প্রসপেক্টাস' বাতিল করেছে এসইসি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মিউচুয়াল ফান্ড) আইন পুরোপুরি না মানায় গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু এর 'প্রসপেক্টাস' বাতিল করে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 05:32 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মিউচুয়াল ফান্ড) আইন পুরোপুরি না মানায় গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু এর 'প্রসপেক্টাস' বাতিল করে দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার এসইসি কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এ তথ্য জানান। ফরহাদ আহমেদ বলেন, "তহবিল সংগ্রহের প্রথম পদক্ষেপ হিসেবে ১৭ কোটি টাকার প্রাক-আইপিও (প্রাথমিক শেয়ার) বিক্রির সনদ না থাকায় প্রসপেক্টাস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, আইন অনুসারে কোনো উদ্যোক্তা প্রাক-আইপিও'র মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য উদ্যোক্তাকে ওই তহবিলের 'ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট' জমা দিতে হয়। গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের দ্বিতীয় প্রকল্প হিসেবে গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু চালুর অনুমোদনের জন্য ২২ জানুয়ারি এসইসি'র কাছে প্রসপেক্টাস জমা দেওয়া হয়। গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু তহবিলের উদ্যোক্তা হিসেবে রয়েছে গ্রামীণ ব্যাংক এবং শেয়ার ব্যবস্থাপনার দ্বায়িত্বে রয়েছে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অফ বাংলাদেশ। এদিকে এইমস অফ বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাইদ জানান, প্রাক-আইপিও বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের প্রথম পদক্ষেপ হিসেবে ২৫ মার্চ গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারহোল্ডারদের জন্য গ্রামীণ এম এফ টু এর শেয়ার নিবন্ধনের 'রেকর্ড ডেট' ঘোষণা করেছে এইমস অফ বাংলাদেশ। "ওই দিন যাদের নামে গ্রামীণ এম এফ ওয়ানের শেয়ার আছে তারা এক এক অনুপাতে শেয়ারের নিবন্ধন পাবার যোগ্য হবেন।" এছাড়া প্রাক-আইপিও'র নিবন্ধনের জন্য ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। প্রসপেক্টাস বাতিলের প্রতিক্রিয়ায় তিনি জানান, এসইসি'র অনুমোদন পাবার আগে বিনিয়োগকারীদের অর্থ আটকে না রাখতে চাওয়ায় তারা প্রাক-আইপিওর ওই ১৭ কোটি টাকার তহবিল সংগ্রহ করেননি। তবে এর পর ডিপোজিট সার্টিফিকেটসহই প্রসপেক্টাস জমা দেওয়ার কথা জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১১১৫ঘ.