ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মালয়েশিয়ার নাগরিক আবদুল লতিফ ইয়াহিয়াকে বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিদেশী প্রতিষ্ঠান আইসিবি ফাইন্যান্সিয়াল গ্র"প বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটির আবেদনের পরিপেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার বিকেলে নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তবে নতুন ব্যবস্থাপনায় ব্যাংকটি পরিচালনার সঙ্গে সঙ্গে এর নামও পরিবর্তন হয়ে আইসিবি ইসলামিক ব্যাংক হয়ে যাবে। সে হিসাবে লতিফ ইয়াহিয়া হবেন আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা জানান, লতিফ ইয়াহিয়াকে একবছর মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তার বেতন ধরা হয়েছে মাসে ১০ হাজার ডলার। তার যোগদানের পর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান খান তার আগের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে ফিরে যাবেন।
কয়েকদিন আগে আরেক মালয়েশিয়ান নাগরিক ড. হাদিনান বিন এ জলিলকে ব্যাংকের চেয়ারম্যান করাসহ আরও পাঁচ পরিচালক নিয়োগ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক কোম্পানি আইসিবি ফাইন্যান্সিয়াল গ্র"প ওরিয়েন্টাল ব্যাংকের ৩৫০ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৮৮৮ টাকায় ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। ২৮ ফেব্র"য়ারি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৩৮ঘ.
bdnews24