মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিযোগাযোগ প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশের বিভিন্ন এলাকার জন্য পৃথক টেলিফোন কলরেট নির্ধারণের চিন্তাভাবনা করছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এছাড়া রাজধানীতে টেলিফোন লাইনের সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও দেওয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেবার মান বাড়াতে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ২০ হাজার ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে সারা দেশেই ছড়িয়ে দেওয়া হবে এ সুযোগ।
ইকবাল মাহমুদ বলেন গ্রাম, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ভিন্ন ভিন্ন কলরেট নির্ধারণের চিন্তাভাবনা করা হচ্ছে। গ্রামের লোকজনের সুবিধার জন্য এটা করা হবে। এদের টেলিফোন ও ইন্টারনেট সংযোগের মধ্যে আনতে পারলে বিটিটিবির রাজস্ব বাড়বে। ফলে এ সংস্থাটিকে সরকারের মুখাপেক্ষী হতে হবে না। অন্যদিকে যে 'রুরাল কানেক্টিভিটি' বা গ্রামীণ এলাকাকে টেলিযোগাযোগের আওতায় নিয়ে আসার কথা বলা হচ্ছে সেটাও বাস্তবায়িত হবে।
বিটিটিবি কলরেট হ্রাসের যে প্রস্তাব দিয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ মাসে রাজধানীতে ২০ হাজার গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। একই লাইনে গ্রাহক টেলিফোন ও ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবে। এ জন্য বিটিটিবির ডিজিটাল এক্সচেঞ্জে কিছু যন্ত্রপাতি স্থাপন করতে হবে। অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন (এডিএসএল) প্রযুক্তির মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। এজন্য গ্রাহককে ইন্টারনেট মডেম ব্যবহার করতে হবে। এর দাম পড়বে ৪/৫ হাজার টাকা।
মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সারাদেশেই ব্র্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। বিটিটিবি বর্তমানে ডায়ালআপ ইন্টারনেট সংযোগ দিচ্ছে। এছাড়া ইন্টারনেটের বিলের হার আরও কমানো হবে।
বিটিটিবি থেকে পাঠানো টেলিফোনের কলরেট কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে মন্ত্রণালয়। এমনকি বিটিটিবির প্রস্তাবিত রেট থেকে আরও কমানোর চিন্তা ভাবনা করা হচ্ছে।
বিটিটিবির জেনারেল ম্যানেজার (অর্থ) ড. আবু সাঈদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় কল ২৫ পয়সা মিনিট করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকা ছাড়া সব জেলা ও উপজেলায় সংযোগ ফি ১০০০ টাকা করার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
বর্তমানে বিটিটিবি'র ল্যান্ডফোনের বিল হার হচ্ছে দেশের যে কোনো স্থানে এনডব্লিওডি কল চার্জ ৩০ সেকেন্ডে ৭৫ পয়সা হারে প্রতি মিনিট ১ টাকা ৫০ পয়সা। একই জেলার মধ্যে ফোনকল স্থানীয় কল হিসাবে বিবেচিত হয়। স্থানীয় কলের ক্ষেত্রে বিল হচ্ছে পিক আওয়ারে ৭ মিনিট এবং অফ পিক আওয়ারে ১০ মিনিট ১ টাকা ৫০ পয়সা। তবে ঢাকা ও চট্টগ্রাম জেলায় পিক আওয়ারে ৫ মিনিট ও অফ পিকে ৮ মিনিট কথা বলার সুযোগ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯০৫ঘ.
bdnews24