২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের জন্য টাকা তুলে নেওয়া হচ্ছে পুঁজিবাজার থেকে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা শেয়ারবাজার থেকে তহবিল সরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। এছাড়া নতুন বিনিয়োগও কমেছে। শেয়ার বাজার সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী ব্যয় বহনের একটি বড় অংশ যোগান দেওয়া হচ্ছে পুঁজিবাজার থেকে তুলে নেওয়া অর্থ দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা শেয়ারবাজার থেকে তহবিল সরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। এছাড়া নতুন বিনিয়োগও কমেছে। শেয়ার বাজার সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী ব্যয় বহনের একটি বড় অংশ যোগান দেওয়া হচ্ছে পুঁজিবাজার থেকে তুলে নেওয়া অর্থ দিয়ে। বিক্রির চাপ বেড়ে যাওয়ায় গত মাসদুয়েক ধরে শেয়ারবাজারে মন্দাবস্থা চলছে। নাম প্রকাশ না করার শর্তে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের এক কর্মকর্তা বলেন, "পুঁজিবাজারের বেশ কিছু বড় বড় বিনিয়োগকারী নির্বাচনী ব্যয় মেটাতে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছেন। নির্বাচনী আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় প্রার্থীরা ব্যাংক থেকে টাকা তোলার পরিবর্তে শেয়ার বাজারে বিনিয়োগকৃত অর্থ তুলে নিচ্ছেন।" এদিকে গত কয়েকমাস ধরেই ঢাকা শেয়ারবাজারে মন্দা চলছে। গত জুন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্যসূচক (ডিএসআই) বেড়ে ৩২০০ পয়েন্ট হয়েছিল। আগস্ট মাসে তা কমে ২৬০০ পয়েন্ট হয়। অক্টোবর মাসে তা বেড়ে ৩০০০ এ উঠলেও সূচক আবারও কমে ২৫০০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমদ বলেন, "অধিকাংশ শেয়ারের দাম কমে যাওয়ায় এবং পুরো লেনদেন কম হওয়ায় পুঁজিবাজারে পতন ঘটেছে।" ঈদের আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ৯১৯ কোটি টাকা হলেও গত সপ্তাহে তা কমে ৫৩৫ কোটিতে দাঁড়ায়। পুঁজি বাজারের এ পতনের জন্য বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনৈতিক সংকটকে দায়ী করলেও মার্কেট সংশ্লিষ্টরা বলে আসছেন যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের পুঁজিবাজারের তেমন কোন সম্পর্ক নেই। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উপদেষ্টা কমিটির সদস্য আবু আহমদ বলেন, "বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয়ের জন্যই কেবল এটি হয়নি। বরং বিশ্বব্যাপী চলমান সঙ্কট আমাদের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় তারা তাদের অর্থ সরিয়ে নিচ্ছে এবং বিনিয়োগ করা থেকে বিরত থাকছে।" তিনি আরো জানান, অধিকাংশ বড় বিনিয়োগকারী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ছোট মাপের বিনিয়োগকারীরাই শুধু বাজারে রয়েছেন। তাই লেনদেনের পরিমাণও কমে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/টিএইচ/এসকে/২০২১ঘ.