ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বৈশ্বিক বাণিজ্য থেকে সুবিধা আদায়ের জন্য মঙ্গলবার ম্যানিলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থ ও বাণিজ্য মন্ত্রীসহ বেসরকারি আর্থিক খাতের প্রতিনিধিরা বুধ ও বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় "বাণিজ্যের জন্য সাহায্যের গতিশীলতা" শীর্ষক বৈঠকে একত্রিত হবেন।
এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ফিলিপাইন সরকারের সহযোগিতায় এই আলোচনা সভা হবে।
২০০৫ সালে হংকংয়ে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে শীর্ষ দাতারা বাণিজ্যের জন্য সাহায্য প্যাকেজে ১৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়।
বাণিজ্যের জন্য সাহায্য এক ধরনের উন্নয়ন সহায়তা যার ফলে উন্নয়নশীল দেশগুলো বাণিজ্যে সুবিধা, সামর্থ্য শক্তিশালী ও বাণিজ্যে দর কষাকষি করতে পারে।
উপদেষ্টার সফরসঙ্গী বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ ম্যানিলা যাত্রার আগে জানিয়েছেন, বাণিজ্যে অবকাঠামোগত সুবিধা বাড়ানোর জন্য বাংলাদেশ এই আলোচনা সভায় সহায়তা চাইবে।
তিনি আরো বলেন, এই সহায়তা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) বাইরে অতিরিক্ত সহায়তা হতে হবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মুক্ত বাণিজ্য নীতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশসমূহকে বাণিজ্য সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সুপারিশ করবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/এমএ/২০৫২ ঘ.
bdnews24