ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা ৯ দিনের চাঙাভাব নতুন উচ্চতায় নিয়ে গেছে পুঁজি বাজারকে। সোমবার ঢাকার শেয়ার বাজারের (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৬০০ পয়েন্ট সীমা পার করেছে।
এর আগে ২ সেপ্টেম্বর ডিজিইএন সূচক প্রথমবারের মতো ২৫০০ পয়েন্টের সীমা পার করে ২৫১৬ দশমিক ৭২ পয়েন্ট হয়।
সোমবার দিনের শুরুর প্রথম ১৫ মিনিটে কেনা-বেচার চাপে ডিজিইএন সূচক ২৬২০ পয়েন্টে পৌঁছায়। তবে দিনের মাঝামাঝি বেশ কয়েকটি প্রতিষ্ঠান লভ্যাংশ তুলে নেওয়ায় সূচক ২৫৮৮ দশমিক ৪৫ পয়েন্টে নেমে আসে। শেষের দিকে লেনদেন বাড়ায় দিনশেষে ডিজিইএন বা সাধারণ সূচক আগের দিনের চেয়ে দশমিক ০৩ শতাংশ বা দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২৬০০ দশমিক ৬৩ পয়েন্ট হয়।
অবশ্য ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৬ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে হয়েছে ২১৫২ দশমিক ৩৮ পয়েন্ট।
এছাড়া ডিএসই-২০ ব্লুুচিপ শেয়ার সূচক এক দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ বেড়ে ২০৮১ দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে।
গত কয়েকদিনের মতো সোমবারও ডিএসইতে তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমেছে। ব্যাংকিং খাতের শেয়ারেরও দাম কমেছে। বিদ্যুৎ, সিমেন্ট ও মিউচুয়াল ফান্ডের অবস্থা ছিল মিশ্র।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ২০৯ কোটি টাকার ৯২ লাখ ১১ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
ব্যাংক ও জ্বালানি খাতের শেয়ারের দাম কমায় সোমবার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিুমুখী।
সোমবার সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার ১৪ লাখ ৯৯ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৫টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকার বাজারে লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১৩৪৭ টাকা ৫০ পয়সা।
লভ্যাংশ তুলে নেওয়ায় পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৬৩ শতাংশ কমে ৬৬৪ টাকা ৫০ পয়সা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম কমেছে ২ দশমিক ১০ শতাংশ, হয়েছে ১৪১৯ টাকা ৭৫ পয়সা।
তবে ডেসকোর শেয়ারের দাম দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১১৭২ টাকা ৫০ পয়সা হয়েছে। ইউসিবিএল এর শেয়ার ২ দশমিক ৮৩ শতাংশ কমে ৪৩৭৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল নিলয় সিমেন্ট, পিপলস ইন্সুরেন্স ও আরমিট সিমেন্ট। ক্ষতিগ্রস্তদের তালিকার প্রথম দিকে ছিল প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্সুরেন্স ও ইস্টার্ন লুব্রিকেন্স।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২২০৫ ঘ.
bdnews24