ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবলিক মার্কেটে লেনদেনের ক্ষেত্রে পাঁচটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বুধবারও চাঙ্গাভাবে দিন শেষ করছে শেয়ার বাজার।
কয়েকটি প্রতিষ্ঠান লভ্যাংশ তুলে নেওয়ায় মধ্যদিনে লেনদেনে কিছুটা ভাটা পড়লেও শেষ বিকেলে বিক্রির চাপ বাড়ায় পরিস্থিতি পুঁজি বাজার সামলে ওঠে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন ৩ সেপ্টেম্বরের এক বিঞ্জপ্তিতে জানায় এবি ব্যাংক, ডেসকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ও সামিট পাওয়ার ৫ সেপ্টম্বর থেকে পাবলিক মার্কেটে শেয়ার লেনদেন করতে পারবে। গত জুলাইয়ে শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঠেকাতে সিএসই এই পাঁচ প্রতিষ্ঠানকে শুধু স্পট মার্কেটে লেনদেনের নির্দেশ দেয়।
লভ্যাংশ তুলে নেওয়ায় বুধবার ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ারের অবস্থা ছিল মিশ্র। তবে জীবন বীমা, তথ্য প্রযুক্তি, সিমেন্ট খাতের শেয়ারের দাম বেড়েছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১২ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২৫৪০ দশমিক ৯৭ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ২১১৯ দশমিক ৩৩ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে ২০৪১ দশমিক ৪০ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২০৯ কোটি টাকা। এদিন ১ কোটি ৩ লাখ ৪০ হাজার ৮৮৩টি শেয়ার লেনদেন হয়।
বুধবার ডিএসইতে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।
আকর্ষণীয় সিএসই-৩০ সূচক ছাড়া চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক এদিন ঊর্ধ্বমুখী ছিল।
বুধবার সিএসইতে ২৫ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার ১৩ লাখ ৯ হাজার ৬০টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৮টির কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত থাকে।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৫ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৬৬৪ টাকা ২৫ পয়সা হয়েছে। আর ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১১৪০ টাকা।
লভ্যাংশ তুলে নেওয়ায় ডেসকোর শেয়ারের দাম দশমিক ৫৬ শতাংশ কমে ১১৪০ টাকা হয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দাম ৫ দশমিক ৩০ শতাংশ কমে ১৩২৫ টাকা হয়েছে এবং এবি ব্যাংকের শেয়ার ২ দশমিক ২২ শতাংশ কমে ২৩০৬ টাকায় বিক্রি হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল পিপলস ইন্সুরেন্স, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ও মুন্নু জুটেক্স। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সামিট পাওয়ার, ইস্টার্ন ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২৩৪৪ ঘ.
bdnews24