সোহেল পারভেজ ও সাজ্জাদুর রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম অর্থনীতি প্রতিবেদক
ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংকের ৬৭ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে আবারও আগ্রহ দেখিয়ে সরকারকে আলেচনায় বসার আহ্বান জানিয়েছে স্থানীয় বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত ডোমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম।
১১টি ব্যাংক ও ২টি বীমা প্রতিষ্ঠানের এই কনসোর্টিয়ামের চেয়ারম্যান মতিউল ইসলাম সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আগের প্রস্তাবটি নিয়ে আলোচনায় বসতে আমরা প্রস্তুত। প্রথম প্রস্তাবকারীর সঙ্গে সরকারের আলোচনা ব্যার্থ হয়ে থাকলে এ ব্যাপারে কথা বলার আইনগত অধিকার আমাদের আছে।" সোহেল পারভেজ ও সাজ্জাদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
ডোমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম এর আগে ১০ কোটি ডলারে রূপালী ব্যাংকের ৬৭ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। সৌদি যুবরাজ বন্দর বিন আব্দুর রহমানের ৩৩ কোটি ডলারের প্রস্তাবটি সর্বোচ্চ বিবেচিত হওয়ায় সরকার তার সঙ্গে আলোচনা শুরু করে।
নাম প্রকাশ না করার শর্তে বেসরকারিকরণ কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডোমেস্টিক ইনভেস্টরস এর প্রস্তাবে বলা হয়েছিল তারা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপালী ব্যাংকের যাবতীয় দায়ভারও নেবে। অন্যদিকে সৌদি যুবরাজ তার ৩৩ কোটি ডলারে প্রস্তাবে অনাদায়ী ঋণসহ ব্যাংকের দায়-দেনা নিজের কাঁধে নিতে অস্বীকার করেন।
এ প্রসঙ্গে বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ওই কনসোর্টিয়ামের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। কিন্তু সৌদি যুবরাজের অবস্থান সম্পর্কে পরিষ্কার না হওয়া পর্যন্ত এ ব্যাপারে এগুতে পারছি না।"
ডোমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম এমন এক সময়ে তাদের প্রস্তাব নিয়ে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানালো যখন সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংক বিক্রির বিষয়টি বেশ খানিকটা ঝুলে গেছে। সৌদি যুবরাজ প্রথম দফায় ব্যাংকটির ৬৭ শতাংশ শেয়ারের জন্য ৩৩ কোটি ডলার প্রস্তাব করলেও পরে ৪৫ কোটি ৮০ লাখ ডলারে ৯৪ শতাংশ শেয়ার কেনার আগ্রহ দেখান।
কিন্তু কয়েক দফা আলোচনার পরও ব্যাংকের দায়-দেনা নেওয়ার বিষয়ে সমঝোতায় আসতে ব্যার্থ হয় সরকার ও সৌদি যুবরাজ। এর পর ১৫ জুলাই এর মধ্যে ব্যাংক বিক্রির চুক্তি সম্পন্ন করতে যুবরাজ বন্দরের জন্য সময়সীমা বেঁধে দেয় সরকার।
প্রায় এক মাস আগে ওই সময়সীমা পেরিয়ে গেলেও সৌদি যুবরাজের কোনো সাড়া মেলেনি।
সৌদি যুবরাজের প্রস্তাবটি বাতিল করে দেওয়া হবে কি-না জানতে চাইলে আবু সোলায়মান চৌধুরী বলেন, "এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি-এসআর/টিএইচ/জেকে/এমএইচবি/১৯৩৮ ঘ.
bdnews24