২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের চিংড়ি হ্যাচারি বন্ধের আশংকা করছেন ব্যবসায়ীরা

বঙ্গোপসাগরে মা চিংড়ির সংকট দেখা দেওয়ায় কক্সবাজারের সমুদ্র উপকূলে গড়ে ওঠা পোনা উৎপাদনকারী চিংড়ি হ্যাচারিগুলো বন্ধ হয়ে যাবে বলে আশংকা করছেন হ্যাচারি মালিকরা। সমুদ্রের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মা চিংড়িগুলো অন্যত্র সরে যাওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেছেন। এতে করে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চিংড়ি শিল্প মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও তারা আশংকা প্রকাশ করেছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মঙ্গলবার সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে হ্যাচারি মালিকরা একথা জানিয়ে বলেন, নির্ধারিত ৪০ মিটারের কম গভীরতায় মা চিংড়ি ধরার অনুমতি না দিলে আগামী ১০ এপ্রিলের পর কক্সবাজার উপকূলের ৫৩টি হ্যাচারির অধিকাংশেরই পোনা উৎপাদন বন্ধ হয়ে যাবে।

বাগদা চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলোর সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত দুই মাস ধরে সাগরে চিংড়ি বিচরণস্থলগুলোতে ‘মা’ চিংড়ির সংকট দেখা দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। হ্যাচারি মালিকদের মতে, এবারের মতো ‘মা’ চিংড়ির সংকট গত দুই বছরে দেখা যায়নি। উৎপাদন মৌসুমের মাঝামাঝিতে এই সংকট শুরু হওয়ায় বেকায়দায় পড়েছেন হ্যাচারি শিল্প মালিকরা।

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন সংলগ্ন ‘এলিফ্যান্ট পয়েন্ট’ ও সুন্দরবন সংলগ্ন ‘কোহিনুর পয়েন্ট’ এলাকায় সারা বছর মা চিংড়ি ধরার কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

তারা বলছেন, বছরের মার্চ থেকে মে পর্যন্ত তিন মাস ওই দুটি পয়েন্টে ১৫-৩০ মিটার গভীরতায় চিংড়িগুলো চলে আসে। কাজেই এ গভীরতায় মাছ ধরার সুযোগ না দিলে এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে না। তারা হ্যাচারি শিল্পের সংকট নিরসনে ১২ দফা প্রস্তাবনাও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় প্রতি বছর প্রায় তিন লাখ ৭৫ হাজার একর জমিতে দুই দফায় বাগদা চিংড়ি চাষ হয়। এজন্য ৫০০ থেকে ৬০০ কোটি চিংড়ি পোনার চাহিদা রয়েছে। যার ৯৫ শতাংশই যোগান দেয় কক্সবাজারের সমুদ্র উপকূল জুড়ে গড়ে উঠা ৫৩টি চিংড়ি হ্যাচারি। অবশিষ্ট পোনার চাহিদা পূরণ করা হয় সমুদ্র থেকে মশারি জালের মাধ্যমে আহরিত পোনা দিয়ে। তাছাড়া বৃহত্তর খুলনা এলাকায় গড়ে উঠা পাঁচটি হ্যাচারিতেও পোনা উৎপাদন করা হয়।

হ্যাচারি মালিকদের মতে, দেশের এই ৫৮টি হ্যাচারি প্রতি বছর ৮০০ থেকে ১০০০ কোটি চিংড়ি পোনা সরবরাহ করে থাকে চাষিদের।

কক্সবাজারের সোনালী হ্যাচারির চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চ এবং জুলাই-আগস্ট মাসে চিংড়ি ঘেরগুলোতে পোনা ছাড়া হয়। কিন্তু গত জানুয়ারি মাস থেকেই চিংড়ি হ্যাচারিগুলো মা চিংড়ির সংকটে পড়েছে। বঙ্গোপসাগর থেকে এই মা চিংড়ি সংগ্রহ করা হয়। কিন্তু চলতি মৌসুমের শুরু থেকেই সাগরে মা চিংড়ির আকাল দেখা দিয়েছে। মা চিংড়ির বিচরণস্থল হিসেবে পরিচিত ‘এলিফ্যান্ট পয়েন্ট’ ও ‘কোহিনুর পয়েন্ট’ এও মা চিংড়ি পাওয়া যাচ্ছে না।

আল-শরফ হ্যাচারির নির্বাহী পরিচালক ইউনুছ চৌধুরী বলেন, চলতি বছর বৃষ্টির অভাবে সমুদ্রের লবণাক্ততা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মা চিংড়িগুলো পরিবেশগত কারণে অন্যত্র চলে যাচ্ছে।

ইউনুছ চৌধুরী আরও বলেন, “আমাদের দেশে মা চিংড়ি ধরার বিশেষ কোন ট্রলার নেই, সাধারণ বাণিজ্যিক ফিশিং ট্রলার দিয়েই তা ধরা হয়। ফলে ধরা পড়া মা চিংড়িগুলোও অনেক সময় রুগ্ন হয়ে পড়ে। তাতে পোনা উৎপাদনও পিছিয়ে যায়।”

কক্সবাজারের আল-আশরাফ হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম বলেন, আমাদের দেশে ১৯৮৩ সালের আইন অনুযায়ী সাগরের ৪০ মিটার গভীর পর্যন্ত ট্রলারে সব রকমের মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু ৪০ মিটার গভীরতায় মা চিংড়ি পাওয়া যাচ্ছে না। অথচ প্রতিবেশী দেশ ভারতে ১৮ থেকে ৫০ মিটার গভীরে মা চিংড়ি ধরা হয়। তাছাড়া বাংলাদেশে বছরের পুরো সময়ই সাগরের যেখানে-সেখানে ট্রলারে মাছ ধরার ফলে মা চিংড়ির প্রজনন ও বংশ বিস্তার হচ্ছে না।

তিনি বলেন, নোয়াখালী, বাঁশখালী, বরিশাল ও সুন্দরবন উপকূলে বাধাহীনভাবে চিংড়ি পোনা আহরণ করা হয়। ‘বিহিঙ্গি’ জালের মাধ্যমে অন্য মাছ ধরার সময়ও চিংড়ি পোনার অকাল মৃত্যু ঘটছে।

আবদুর রহিম চৌধুরী বলেন, কক্সবাজার ও খুলনার ৫৮টি চিংড়ি হ্যাচারিতে স্বাভাবিক চিংড়ি পোনা উৎপাদনের জন্য প্রতি বছর ৫ লাখ মা চিংড়ির প্রয়োজন হয়। একটি মা চিংড়ি প্রতি ২৫ দিন সময়ে একবারে দেড় থেকে দুই লাখ পোনা প্রজনন করতে পারে। সাধারণত জানুয়ারী থেকে পোনা উৎপাদন শুরু হয়ে চলে জুলাই পর্যন্ত। কিন্তু মা চিংড়ির সংকটের কারণে চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে এসে পোনা উৎপাদন তো দূরের কথা, হ্যাচারিই বন্ধ করে দিতে হচ্ছে।

হ্যাচারি মালিক সমিতির নেতা রইচ উদ্দিন বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যেই অধিকাংশ হ্যাচারির পোনা উৎপাদন বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই অনেক হ্যাচারির উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্তমানে কোন হ্যাচারিতেই নতুন মা চিংড়ি আসেনি। তাই উৎপাদন বন্ধ না করে কোন উপায় নেই।

তিনি বলেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৫০-২০০ কোটি পোনা উৎপাদিত হয়েছে। যা মূল উৎপাদনের এক পঞ্চমাংশ।

মা চিংড়ি আহরণকারী প্রতিষ্ঠান সী-মিজু স্পেশালাইজড ফিশিং প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা ও বেঙ্গল বে হ্যাচারির জেনারেল ম্যানেজার এম এম রহমান বাবলু বলেন, সরকারের অনুমোদন নিয়ে বর্তমানে ৪৯টি ফিশিং ট্রলার মা চিংড়ি সংগ্রহ করে থাকে। কিন্তু বর্তমান সময়ে ২০-২৫টি ট্রলার এ কাজ করছে।

তিনি বলেন, মা চিংড়ি ধরতে ট্রলারগুলো যে জাল ব্যবহার করে তার ঘের (মেশ) ৮০ থেকে ৫৫ মিলিমিটার। তাতে অন্য মাছের ক্ষতি হয় না। কিন্তু শীত মৌসুমে চিংড়ি গুলো ১৫-৩০ মিটার গভীরতায় অবস্থান করে। অথচ বাংলাদেশে ওই গভীরতায় মাছ ধরার অনুমতি নেই। হ্যাচারি শিল্পকে বাঁচাতে হলে অন্তত তিন মাস ১৫-৩০ মিটার গভীরতায় মাছ ধরার অনুমতি দিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল-শরফ হ্যাচারির নির্বাহী পরিচালক ইউনুছ চৌধুরী। এ ছাড়াও ১২ জন হ্যাচারি মালিকসহ হ্যাচারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইনানীর বলাকা হ্যাচারির নির্বাহী পরিচালক মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানি খাত চিংড়ি শিল্প থেকে প্রতিবছর তিন হাজার কোটি টাকারও বেশী বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। কিন্তু বর্তমান সংকটের কারণে চলতি বছর সেই লক্ষ্য অর্জিত না হওয়ারও আশংকার করছেন ব্যবসায়িরা। বিশেষ করে আগামী ২০০৮ সালের মধ্যে চিংড়ি রপ্তানীখাতে ১০ হাজার কোটি মার্কিন ডলার লক্ষ্যমাত্রাও বাস্তবায়ন না হওয়ার আশংকা রয়েছে।

সেব সূত্র মতে, দেশের উপকূলীয় এলাকা ও কক্সবাজার সমুদ্র পাড়ে ৫৬টি চিংড়ি হ্যাচারি রয়েছে। তার মধ্যে ৫০টির অবস্থান কক্সবাজার থেকে টেকনাফ উপকূলের সমুদ্র পাড়ে। অবশিষ্ট ছয়টি হ্যাচারি রয়েছে সাতক্ষীরায়। তাদের মতে, দেশের চিংড়ি হ্যাচারি শিল্পের সাথে অন্তত এক লাখ লোক এবং চিংড়ি শিল্পের সাথে ৫০ লাখ মানুষের রুটি রুজি নির্ভর করছে।