২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছুটা চাঙা শেয়ার বাজার

সরকারি প্রতিষ্ঠান এবং ‘জেড’ শ্রেণীর কমদামি শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার সামগ্রিকভাবে কিছুটা চাঙাভাব ছিল শেয়ার বাজারে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), আশরাফ টেক্সটাইল মিলস এবং মেটালেক্স করপোরেশনের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ৯ডিএসই) কর্তৃপক্ষ প্রতিষ্ঠানগুলোর লেনদেন স্থগিত করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বিএসসি এর আগে পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা থেকে ৩৫০ কোটি টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। ডিএসইর একটি অনুসন্ধানের পর মেটালেক্স করপোরেশন জানায় ১৯৯৬ সাল থেকে তাদের কার্যক্রম বন্ধ ছিল।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা, সোমবার যা ছিল ৫৫ কোটি ০৬ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ১৮ কোটি ০৮ লাখ ৯০ হাজার টাকা, আগের দিন এর পরিমাণ ছিল ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।

ডিজিইএন বা ডিএসইর সাধারণ সূচক ১২ দশমিক ৭২ পয়েন্ট বা শূণ্য দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭১৮ দশমিক ৪২ পয়েন্টে।

ডিএসআই বা সার্বিক সূচক ৩৩ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪৭৫ দশমিক ১৭ পয়েন্টে।

ভালো মানের ডিএসই-- ২০ শেয়ার সূচক ৩০ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ কমে হয়েছে ১৩৭৩ দশমিক ৪৬ পয়েন্টে। প্রাইম ব্যাংকের শেয়ারের দামের সমন্বয় ঘোষণা সূচকের পতন তরান্বিত করে।

এদিকে, প্রযুক্তি ও বৈদ্যুতিক প্রতিষ্ঠান, সিরামিক এবং বস্ত্র শিল্প খাতে শেয়ারের দাম বাড়ার কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সূচক বেড়েছে।

লেনদেনের শীর্ষে থাকা চারটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার কারণ বাজারে ছিল সরকার প্রতিষ্ঠানগুলোর বাকি শেয়ারও বাজারে ছাড়তে যাচ্ছে।

লেনদেনের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৩ দশমিক ২২ শতাংশ বেড়ে ৪৫৫ টাকা ৭৫ পয়সা হয়। তাদের মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে থাকা ইস্টার্ন কেবলস্ এর শেয়ারের দাম ১০ দশমিক ৬৫ ভাগ বেড়ে ৬৬৯ টাকা ৭৫ পয়সা হয়।

ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়া অস্বাভাবিক। এভাবে দাম বাড়ার কারণ জানতে আমরা তদন্ত করব।”

ডেসকোর শেয়ার ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৬৩০ টাকা ৭৫ পয়সা হয়েছে। এছাড়া এটলাস বাংলাদেশের শেয়ারের দাম ১৩ দশমিক ১৫ ভাগ বেড়ে ৩১৯ টাকা ১০ পয়সা হয়।

অপর শীর্ষ লেনদেনকারীদের মধ্যে গ্রামীণ১ মিউচুয়াল ফান্ড ও রূপালী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে, কিছুটা কমেছে ব্রাক ব্যাংকের শেয়ারের দাম।

ডিএসইতে লাভবানদের তালিকায় প্রথমদিকে ছিল বিএসসি, আশরাফ টেক্সটাইলস এবং এক্সেলজিওর সুজ। রাসপিট ডাটা (বিডি), ইনটেক অন লাইন এবং গ্লাক্সো স্মিথ লাইন ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রথম দিকে।

মঙ্গলবার ডিএসইর ১৮৪টি শেয়ারের দাম বাড়ে, ১৫টির কমে এবং আটটির দর ছিল অপরিবর্তিত।

সিএসইর ৮৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০টির। অপরিবর্তীত ছিল ছয়টি শেয়ারের দাম।