বাস্তবসম্মত বাজেটে জনগণের স্বার্থ প্রাধান্য পাবে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, আগামী বাজেটে জনগণের আশা আকাঙ্খারই প্রতিফলন ঘটবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পাবে না।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সুশীল সমাজের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “কোনো গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য বাজেটকে প্রভাবিত করা হবে না। এ বাজেটে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।”
সোমবার আনুষ্ঠানিকভাবে প্রাক বাজেট আলোচনা শুরু করেছে সরকার। প্রথমদিন ছিল সুশীল সমাজের সঙ্গে আলোচনা।
আলোচনায় বাজেটকে বাস্তসম্মত করতে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছে সুশীল সমাজ। এর মধ্যে রয়েছে--- সরকারের আয় অনুযায়ী বাজেটের আকার নির্ধারণ, দ্রব্যমুল্যের স্থিতিশীলতা বজায় রাখার দিকনির্দেশনা, থোক বরাদ্দ ন্যুনতম পর্যায়ে নিয়ে আসা, বিদেশী অর্থের যোগান ও ব্যবহার নিশ্চিত করা এবং কর অব্যাহতি সুবিধা পুনর্বিন্যাস করা।
দুর্নীতিবিরোধী অভিযান এবং অর্থনৈতিক খাতে শৃঙ্খলা আনতে বর্তমান সরকারের কার্যকলাপের প্রতিফলন যেন বাজেটেও হয় সে ব্যাপারে পরামর্শ দিয়েছে সুশীল সমাজ।
সুশীল সমাজের পক্ষে প্রতিনিধিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান, এম. সাইদুজ্জামান, হাফিজ উদ্দিন খান, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমূখ।
সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সভাশেষে সাংবাদিকদের বলেন, “বাজেট তৈরি করতে বর্তমান সরকারের হাতে অন্তত তিনমাস সময় রয়েছে। আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে সরকারকে আরো কাজ করতে হবে।”
“দ্রব্যমুল্যের স্থিতিশীলতা বজায় রাখা এ সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ,” বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “বাজেট তৈরির সময় সুশীল সমাজের পরামর্শ মাথায় রাখব আমরা। কিন্তু সব পরামর্শ বাস্তবায়ন করা সম্ভব নয়।”
আজিজুল ইসলাম বলেন, সম্পদ সংগ্রহের উপর ভিত্তি করে একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করা হবে।
তিনি বলেন, থোক বরাদ্দ কমানো হবে কিন্তু সম্পুর্ণ বন্ধ করা হবে না।
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যাপারে উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি।
আজিজুল ইসলাম আরও বলেন, “আমি আশা করি সরকার বর্তমান অর্থবছরে ২২ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন করতে পারবো। কিন্তু এজন্য কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক হতে হবে।”
বর্তমান অর্থবছরে এডিপিতে বরাদ্দের পরিমাণ ২৬ হাজার কোটি টাকা।
কর অব্যাহতির বিষয়টি পুনর্বিন্যাসের ব্যাপারে সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরত্ব সহকারে দেখা হবে বলে অর্থ উপদেষ্টা জানান।
আগামী অর্থবছরের বাজেট কোথায় পেশ করা হবে এ প্রশ্নের আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে।
