২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ঋণ মেলা শুরু হচ্ছে ৫ মার্চ

পল্লী কর্ম---সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে আগামী ৫ মার্চ থেকে ঢাকার বাংলাদেশ---চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে চার দিনব্যাপী ক্ষুদ্র ঋণ মেলা ২০০৭।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পিকেএসএফ এর সহযোগী আর্থিক প্রতিষ্ঠানসহ ক্ষুদ্রঋণ গ্রহীতা ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর বিক্রয় এবং প্রদর্শনীর জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

পিকেএসএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন খান রোববার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময়ে উপস্থিত ছিলেন সংস্থার উপব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) এম এ হাকিম।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এ মেলার উদ্বোধনী ঘোষণা করবেন। আগামী ৭ মার্চ মেলার তৃতীয় দিনে মেলায় অংশ নেওয়া পিকেএসএফের সেরা তিনটি সহযোগী সংগঠনের কর্মীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। আর ৮ মার্চ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্ষুদ্র ঋণের জন্য নোবেলী বিজয়ী মুহাম্মদ ইউনুস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মেলার ১৩১টি স্টলে অংশগ্রহণ করবে পিকেএসএফ এর সহযোগী ৭০টি প্রতিষ্ঠানসহ ৮২টি প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে পিকেএসএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ দেওয়া শুরু করে। ক্ষুদ্র উদ্যোক্তাদের তারা ৩০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়। এ খাতে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত পিকেএসএফকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছে।